শুক্রবার | ০৮ মে ২০২৬

বঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

 বঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৮ মে-  মুখ্যমন্ত্রী পদের দৌড়ে তার নাম নিয়েই সবচেয়ে বেশি চর্চা শুরু হয়। এবার সেই শুভেন্দু অধিকারীকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নিল ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ নিয়ম মেনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বিধায়ক দলের বৈঠক থেকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।’

দীর্ঘ সাড়ে পাঁচ দশক পরে ফের জেলা থেকে বাংলার মুখ্যমন্ত্রী করা হল। এবার নন্দীগ্রাম এবং ভবানীপুরের মতো দু’টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন শুভেন্দু। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু। আর এবার ভবানীপুর থেকে ফের মমতাকে হারান তিনি। ফলে মুখ্যমন্ত্রী পদে তার নাম নিয়ে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়। তাৎপর্যপূর্ণভাবে এদিন ভবানীপুরের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন শাহ। তিনি বলেন, ‘আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য ভবানীপুরবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আগেরবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান শুভেন্দু। আর এবার মমতাদিদির ঘরে গিয়ে তাকে হারিয়েছেন তিনি।’ বিজেপি বিপুল ভোটে জেতার পরেই শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করার জন্য বিজেপির বড় অংশ সরব হয়। আর সেই তাকেই মান্যতা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *