শুক্রবার | ০৮ মে ২০২৬

শপথের আগের দিনেই শহরে অমিত শাহ, বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি

 শপথের আগের দিনেই শহরে অমিত শাহ, বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি

কলকাতা , ৮ মে-  বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করতে আজ কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠক থেকেই পরিষদীয় দলের নেতা বেছে নেওয়া হবে। শুক্রবার সকাল ১১ টা নাগাদ বিমানবন্দরে নামেন শাহ। দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। সেখান থেকে সোজা দক্ষিণেশ্বর মন্দিরে যান শাহ।

            বাংলায় এবার বিপুল জয় পেয়েছে বিজেপি। আর সেই জয়ের পরে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে নিজের হাতে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় পা দিয়েই এক্স হ্যান্ডেলে শাহ লিখেছেন, ‘বাংলা, বিজেপিকে যে অপরিসীম স্নেহ, বিশ্বাস ও সমর্থন দিয়েছে, তার জন্য আমি সমগ্র বঙ্গবাসীকে প্রণাম জানাই।’ দক্ষিণেশ্বরে পুজো দিয়ে শাহ সোজা চলে যান নিউটাউনের হোটেলে। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার কথা শাহের।  বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সেই কাজে তার সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছাই করার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিজেপি এখন বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা।

            বৈঠকের পরে ফের নিউটাউনের হোটেলে ফিরে যাবেন শাহ। ওই হোটেলেই রাত্রিবাস করবেন শাহ। শনিবার সেখান থেকে সোজা চলে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটপ্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নয়া সরকারের শপথের দিনে তিনি বাংলায় আসবেন। সেই কথা রাখতেই শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে দিল্লির পালম বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে রওনা দেবেন তিনি। সকাল ১০টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে আরসিটিসি হেলিপ্যাড হয়ে সড়কপথে তিনি পৌঁছাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি এই মেগা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন সরকারের পথচলার সাক্ষী থাকবেন। অনুষ্ঠান শেষে বিকেলেই তিনি বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *