মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬

কবিতা : ভাবনার এফোঁড় ওফোঁড়

 কবিতা : ভাবনার এফোঁড় ওফোঁড়

সঞ্চিতা রাহা
সোনালি সকালে একরাশ ফুটন্ত গোলাপ!
আমি ভাবতে চাই।
ঝাঁক ঝাঁক পাখির উড়ন্ত প্রচ্ছায়া, খোলা রোদ্দুর—আমাকে ভাবতে বলে।
বাতাসের নীল পোশাক ফুঁড়ে
অবিরল প্রেমের ধারা।
হাজারো পাহাড়ি পথ মাড়িয়ে
কোনো এক অজান্তেই মরণপিয়াসী ডুব!
অগুনতি হাহাকার আর আর্তচিৎকার
আঁকাবাঁকা পথ চলতে চলতেই প্রতিধ্বনিত হয়!
প্রতিধ্বনিত হয় উৎসের প্রতি নিদারুণ মোহে!
পৃথিবী ছিঁড়ে হৃদয়টা কি উড়ে যেতে পারে…
পারে না!
হাতে হাত ধরে হেঁটে চলে যাওয়া রেলপথ,
কত কাছাকাছি এসেও দেখো, বাঁক নিয়েছে অদেখার দিকে।
তারপর
তারপর হয়তো সুখ, সৌন্দর্য আর স্বপ্নের প্যারিস!
হয়তো বা ঘন কালো অরণ্য।
অসংখ্য কাঁটার জ্বালা জুড়োনোর জন্য
অবশিষ্ট নেই যেখানে
একটিও ফুলেল গোলাপ!!
আছে শুধু,
জানালার ধারে আকাশ দেখা নিরালা জীবন…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *