ইরানকে ফের যুদ্ধের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

ওয়াশিংটন, ৮ জুলাই : বিগত বেশ কিছুদিন ধরেই ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটছিল আমেরিকা। মঙ্গলবার ফের বদলে গেল পরিস্থিতি। দুই দেশের মধ্যে ফের হামলা, পাল্টা হামলা শুরু হলো। আর সেই আবহে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। এমনকি ইরানের সঙ্গে সব সম্পর্ক ‘ছেদ’ করার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, তিনি মনে করেন ইরানের সঙ্গে যে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর হয়েছিল, তা শেষ। ফলে পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হলো অস্বস্তি।

            মঙ্গলবার হরমুজ প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হওয়ার পরে আমেরিকা দাবি করে, এই হামলার নেপথ্যে রয়েছে আইআরজিসি। ওই জাহাজগুলির মধ্যে একটি ছিল ভারতমুখী। সেই ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার ভোর থেকে (স্থানীয় সময়) ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। জবাবে বুধবার ইরান সেনার ‘এলিট ফোর্স’ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) ধারাবাহিক ভাবে বাহরিন এবং কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, কুয়েতের আল সালেম এবং বাহরিনের সলমন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

            ইরানি সেনার হামলার পর থেকেই বাহরিন, কুয়েত জুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। তবে এই হামলার তীব্র নিন্দা করেছে কুয়েত। এই আবহের মধ্যে ফের ইরানকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, ইরানি নেতৃত্বকে ‘নিকৃষ্ট’, ‘অসুস্থ’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, ‘ওরা হিংস্র। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ওরা তা ব্যবহার করত।’ বুধবারের হামলা প্রসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ড সমাজমাধ্যমের পোস্টে ইরানে হামলার খবর জানায়। তাদের বক্তব্য, ‘বাণিজ্যিক জাহাজে হামলার দায় ইরানের। তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরু করেছে।’ হরমুজ় প্রণালীতে জাহাজের উপর হামলার ঘটনার নিন্দা করেছে আমেরিকা। 

Sumit Chakraborty: