দৈনিক সংবাদ অনলাইন:-ছত্তিশগড়ের নারায়ণপুরে আয়োজিত অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল আসরে গ্রুপ পর্বে ত্রিপুরা প্রথম ম্যাচে লড়বে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। আগামী ১২ মে ম্যাচটি হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে যে ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে, তাতে ত্রিপুরা জায়গা করে নিয়েছে গ্রুপ ডি-তে। এই গ্রুপে ত্রিপুরার সঙ্গে রয়েছে গত আসরের কোয়ার্টার ফাইনালিস্ট টিম দিল্লি, হিমাচল প্রদেশ এবং উত্তর-পূর্বের প্রতিবেশী রাজ্য সিকিম। গ্রুপে দিল্লি ও সিকিম দুটি শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ত্রিপুরা।
প্রকাশিত সূচি অনুযায়ী নারায়ণপুরের আর কে আশ্রম গ্রাউন্ডেই ত্রিপুরার তিনটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মে ত্রিপুরা প্রথম ম্যাচ খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে।এরপর ১৪ মে দিল্লি এবং ১৬ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে
সিকিমের বিরুদ্ধে খেলতে নামবে ত্রিপুরা। আয়োজকদের পক্ষ থেকে এখনও ম্যাচের সময়সূচি জানানো হয়নি। গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে ত্রিপুরার সামনে খুলে যাবে কোয়ার্টার ফাইনালের দরজা। সেমিফাইনাল হবে ২১ ও ২২ মে। ২৪ মে ফাইনাল হবে।
এদিকে জাতীয় আসরকে সামনে রেখে রাজ্যদল গঠনের প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। টি এফ এ সূত্রে খবর, আগামী ২৫ এপ্রিল থেকে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হতে পারে রাজ্য দল গঠনের চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প। প্রাথমিকভাবে বাছাই করা ৩১ জন ফুটবলারকে এই ক্যাম্পে ডাকা হবে। প্রস্তুতি ক্যাম্পের মধ্য দিয়ে সম্ভাব্য বাছাইকৃত এই ৩১ জন প্লেয়ার থেকে ১৮ জনের চূড়ান্ত দল গঠন করা হবে। ত্রিপুরার প্রথম ম্যাচ ১২ মে হওয়ায় রাজ্য দল কমপক্ষে তিন দিন আগে আগরতলা থেকে রেলপথে ছত্তিশগড়ের নারায়ণপুরের উদ্দেশে রওনা দেবে।