ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

ওয়াশিংটন, ৩ জুন : ভারতের ওপর কী নতুন করে শুল্ক বসাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট? আমেরিকার সরকারি নথি থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই সরকারি নথি অনুযায়ী, বলপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে ট্রাম্প প্রশাসন অন্তত ৬০টি দেশের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে। শুল্কের পরিমাণ ১০ শতাংশ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত হতে পারে।

            মার্কিন বাণিজ্য প্রতিনিধির তরফে যে নথি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, কানাডা, মেক্সিকো, তাইওয়ান, ব্রিটেনের উপর ১০ শতাংশ শুল্ক চাপানো হতে পারে। এ ছাড়াও, ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজ়িল, সুইৎজ়ারল্যান্ডের মতো দেশের উপর সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, এখনই এই শুল্ক চাপানো হচ্ছে না। গোটা বিষয়টি পর্যালোচনা করে এই পদক্ষেপ নেওয়া হবে।

            দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর পরই নতুন শুল্কনীতির কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি দাবি করেন, যে দেশ মার্কিন পণ্যে যত পরিমাণ শুল্ক চাপিয়েছে, আমেরিকাও সেই পরিমাণ শুল্ক আদায় করবে সংশ্লিষ্ট দেশগুলির থেকে। এ নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। শেষ পর্যন্ত গোটা বিষয়টি আদালতে গড়ায়। মার্কিন সংবিধান অনুযায়ী, কর এবং আমদানি শুল্ক নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের হাতে। যদিও কংগ্রেস চাইলে সেই ক্ষমতা প্রেসিডেন্টের হাতে অর্পণ করতে পারে। এর ফলে ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করেছেন বলে জানায় সুপ্রিম কোর্ট।

Sumit Chakraborty: