রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বড়সড় সম্প্রসারণ!
আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বড়সড় সম্প্রসারণ, ২৭৩.৪৬ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রের
অনলাইন ডেস্ক, আগরতলা: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সম্প্রসারণ ও আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে ২৭৩.৪৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
এই অর্থ বরাদ্দের ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই কলেজে অতিরিক্ত ১০০টি এমবিবিএস আসন চালু করা সম্ভব হবে। পাশাপাশি ১৯টি গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত বিভাগে ৮৩টি স্নাতকোত্তর (পোস্ট গ্র্যাজুয়েট) আসনও বৃদ্ধি পাবে।
নতুন এই সম্প্রসারণ কার্যকর হলে ত্রিপুরায় মোট এমবিবিএস আসন সংখ্যা বেড়ে হবে ৫৫০ এবং স্নাতকোত্তর আসন দাঁড়াবে ১৯৬-এ।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত রাজ্যের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে ভবিষ্যতে চিকিৎসক সংকট মোকাবিলাতেও বড় ভূমিকা নেবে এই প্রকল্প।