এবার পোপকে আক্রমণ করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট
পোপকে বেনজির আক্রমণ ট্রাম্পের
ওয়াশিংটন, ১৩ এপ্রিল : নতুন করে পোপ লিও চতুর্দশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী নিজেকে যিশুখ্রিস্টের সঙ্গেও তুলনা করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়, সকলকে চমকে দিয়ে এই সংক্রান্ত এআই দ্বারা নির্মিত একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
সোমবার একটি বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘পোপ লিও চতুর্দশ একদমই ভালো কাজ করছেন না। তিনি অপরাধ পছন্দ করেন। আমরা এমন পোপকে পছন্দ করি না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থন করেন। আমি তার ভক্ত নই। তিনি একজন উদারপন্থী মানুষ। একইসঙ্গে তিনি অপরাধপ্রেমী। অপরাধ দমনে বিশ্বাস করেন না।’ তিনি আরও বলেন, ‘পোপ লিও চতুর্দশ মার্কিন প্রশাসনের সমোলচনা করেন। কিন্তু করোনার সময় ক্যাথলিক গির্জা এবং অন্যান্য খ্রিস্টান সংগঠনগুলি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তা তিনি উল্লেখ করেন না।’
বিবৃতিটি দেওয়ার কিছু সময় পরেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত নিজের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। যেখানে তিনি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের পরনে রয়েছে সাদা আলখাল্লা। বাইবেলের বর্ণনা অনুযায়ী, যিশুর মতোই তিনি এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়েছে রয়েছেন। ছবিটি বিভিন্ন প্রতীকী উপাদানে সজ্জিত, যার মধ্যে রয়েছে আমেরিকার পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অফ লিবার্টি। আর এই ছবি সামনে আসার পরেই তৈরি হয়েছে বিতর্ক।