ওয়াশিংটন, ২৫ আগস্ট : কানাডা আর আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধ যেন ক্রমেই তীব্র হচ্ছে। প্রতিবেশী দেশ কানাডার বিরুদ্ধে এবার ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কোন পণ্যের ওপর এই শুল্প আরোপ করা হবে তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
সোমবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প পরিকল্পিত শুল্ক বৃদ্ধির কথা ঘোষণাল করেছেন। তিনি জানিয়েছেন, এই বর্ধিত শুল্ক ‘সব ধরনের গাড়ি, ছোট-বড় ট্রাক, গাড়ির যন্ত্রাংশ এবং ইস্পাতের’ উপর প্রযোজ্য হবে। আমেরিকায় যে সব সংস্থা এই সব জিনিস কানাডা থেকে আমদানি করে, তাদের অতিরিক্ত আমদানি শুল্ক গুনতে হবে বলে জানান ট্রাম্প। আবার অতিরিক্ত শুল্ক থেকে বাঁচার পথও বাতলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার বার্তা, ‘আমেরিকায় উৎপাদন করুন, তা হলে আর কোনও শুল্কই লাগবে না।’
আমেরিকা ও কানাডার মধ্যে সেই জুলাই মাস থেকে বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করলেও কোনও পক্ষই সমঝোতায় আসতে পারেনি। বিগত তিন দিন দফায় দফায় দু’দেশের মধ্যে বাণিজ্য আলোচনা হয়। কিন্তু কোনও চুক্তি ছাড়াই সেই আলোচনা ভেস্তে যায়। তার পরেই কানাডার বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানায় হোয়াইট হাউস। কানাডা থেকে যে পরিমাণ পণ্য আমেরিকায় যায়, তার পাঁচ শতাংশের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হচ্ছে। তার মধ্যে ছিল আইস হকির কাঠের স্টিক-সহ কিছু নির্দিষ্ট পণ্য। তবে এ বার আরও এক ধাপ এগিয়ে ‘সব ধরনের গাড়ি, ছোট-বড় ট্রাক, গাড়ির যন্ত্রাংশ এবং ইস্পাতের’ উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
আগেই কড়া অবস্থান নেয় কানাডা। শুক্রবার রাতে (স্থানীয় সময়) আমেরিকার সঙ্গে বাণিজ্যিক আলোচনা থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জানান, এই আলোচনা ভাল ভাবেই এগোচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে শর্তাবলিতে আমেরিকা কিছু পরিবর্তন করেছে। তা কানাডার মানুষের পক্ষে উপযোগী নয়। ওই পরিবর্তনকে ‘অন্যায্য, অর্থনৈতিক ভাবে অযৌক্তিক’ বলে উল্লেখ করেন কার্নি। তার পরেই হোয়াইট হাউসের শুল্ক আরোপের ঘোষণা, যা নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা ছিল, ‘ডলারে ডলারে’ হিসেব হবে। তার কয়েক ঘণ্টা পরেই কার্নি জানান, দুগ্ধজাত পণ্য, ইস্পাত, গৃহস্থলীর সরঞ্জাম, কৃষিজ যন্ত্রপাতি, কাগজ-সহ বিভিন্ন মার্কিন পণ্যকে কানাডার বাজারে বিক্রি করতে হলে গুনতে হবে অতিরিক্ত শুল্ক। ফলে দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ যে ক্রমেই চরমে উঠছে তা স্পষ্ট।