তেহরান, ২৩ জুন : ইরান আর আমেরিকার মধ্যে শান্তি সমঝোতার পরে পশ্চিম এশিয়ার অস্বস্তি ক্রমেই কমতে শুরু করল। এই সমঝোতার ফলেই এবার হরমুজ প্রণালী ধরে বাণিজ্যিক জাহাজের চলাচল অনেকটা বেড়ে গেল। মার্কিন সংবাদসংস্থা সিএনএনের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতেই স্পষ্ট হয়েছে যে, হরমুজে জাহাজের যাতায়াত আগের থেকে বেড়েছে।
এই সংবাদসংস্থা ‘মেরিনট্রাফিক ডেটা’-র তথ্য বিশ্লেষণ করে সোমবার জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় (রবিবার থেকে সোমবার পর্যন্ত) হরমুজ ধরে আসা-যাওয়া করেছে প্রায় দুই ডজন জাহাজ। কিছু জাহাজ পারস্য উপসাগর থেকে হরমুজ পেরিয়ে বেরিয়েছে। কিছু জাহাজ হরমুজ় অতিক্রম করে পারস্য উপসাগরে ঢুকেছে। হরমুজের একটি মানচিত্রও তুলে ধরেছে এই সংবাদসংস্থাটি। তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি জাহাজ ওমান এবং পারস্য উপসাগরের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করে ঢুকছে। কিছু জাহাজ একই পথ ধরে বেরিয়ে আসছে। এই আবহে হরমুজের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরানে তরফে এই স্পষ্টভাবে এই বার্তা দেওয়া হচ্ছে যে, হরমুজ়ের পরিস্থিতি আর কখনওই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় যাবে না। হরমুজের নিয়ন্ত্রণ যাতে কোনওভাবে হাতছাড়া না হয় সেজন্য সতর্ক রয়েছে ইরান।
সোমবার শান্তি-আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদলের প্রধান মহম্মদ বাঘের ঘালিবাফ বলেন, ‘আমিই প্রথম ব্যক্তি, যে স্পষ্ট ভাষায় বলেছিল হরমুজ প্রণালী কখনওই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না। সকলের সেটা জানা উচিত।’ তবে আমেরিকার তরফেও একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় শান্তির মূল চাবিকাঠি হল আমেরিকাকে ‘সম্মান’ করা। সোমবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আমি ‘ভয়’ শব্দটা ব্যবহার করতে চাই না। কারণ, এই শব্দটি ব্যবহার করা উচিত নয়। তবে ওরা (ইরান) যতদিন আমাদের সম্মান করবে, তত দিন কোনও সমস্যা হবে না।’