আমাকে জেলে পাঠিয়ে দিন, ওখানে বসে বেশি ভোট পাব, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
কলকাতা, ১৩ এপ্রিল – রবিবার শিলিগুড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বাংলার ২৯৪ টি কেন্দ্রে তিনিই প্রার্থী। বিভিন্ন জনসভা থেকে একাধিকবার এই একই কথা বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কথা মোদির গলায়। তারই পাল্টা সোমবার মমতা বলেন, ‘মোদিজি বলছেন উনি নাকি ২৯৪ আসনে প্রার্থী। তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন। বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হবো।’
ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই মোদি আর মমতার দ্বৈরথে যেন তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আজও তার ব্যতিক্রম হল না। এদিন কটাক্ষের সুরে মমতার প্রশ্ন, ‘কোন পদটা নেবেন? প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বাংলায় বহিরাগত।’ এই মন্তব্যের পরে হুঙ্কারের সুরে তৃণমূলনেত্রী বলেন, ‘আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকান। বাংলার দিকে কেউ বিষচক্ষু নিয়ে তাকায়, তার চোখ গেলে দেবে বাংলার মানুষ।’ নির্বাচনী ভোট প্রচারে গিয়ে প্রায় প্রত্যেকটি জনসভাতেই তৃণমূল নেত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘প্রার্থী দেখবেন না। সব আসনে আমিই প্রার্থী। সরকার আমিই গড়ব।’ রবিবার মোদির গলাতেও সেই একই সুর শোনা গিয়েছে, আর তা নিয়ে রাজনীতিতেও চর্চা কম হচ্ছে না। সেই আবহেই এবার এমন একটি মন্তব্য করলেন তৃণমূলনেত্রী।
আজ মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনেও আক্রমণ করেছেন মমতা। তার মন্তব্য, ‘১২ বছর ধরে আমাকে জ্বালাচ্ছে। আগে সিপিএম ছিল। এখন আমোদি-প্রমোদিরা বাবুরা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। বাচ্চাদের স্কুলে ‘মন কি বাত’-এর নাম করে নিজের কথা বলছে।’ সোমবার দক্ষিণবঙ্গের চার হেভিওয়েট কেন্দ্রে সভা করেছেন মমতা। সিউড়ি থেকে শুরু করে আউশগ্রাম, বাঁকুড়া হয়ে শিল্পাঞ্চল দুর্গাপুর, একই দিনে চারটি মেগা কর্মসূচিতে যোগ দেন। সেখানেই বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, ‘তোমরা মাছ-ভাত বন্ধ করতে আসলে তোমাদের ১২টা বাজিয়ে দেব।’
বিজেপির প্রতিশ্রুতি আসলে ভাঁওতা বলে কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘আমরা ছোটবেলায় পড়তাম, “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি। কিন্তু বিজেপি বলে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাঁওতা দিয়ে চলি।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যেরও জবাব দিয়ে মমতা বলেন, ‘মেদিনিপুরের স্বাধীনতার মাটি থেকে বলে গেছে বাংলাতেও বুলডোজার চলবে। বাংলাতে এসব চলে না। বাংলা সবাইকে নিয়ে ভালো থাকে।’ এদিন বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জের সুরে মমতা বলেন, ‘আমায় জেলে পাঠিয়ে দিন না। ওখানে বসে আমি বেশি ভোট পাব। নাহলে গুলি করে মেরে দিন। আমার উপরে এত রাগ কেন? ওরা বাংলা দখল করতে চায়। আর আমরা বাংলা মা কে মুক্তি দিতে চাই। মনে রাখবেন দিল্লিতে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার সরকার নেই। ২০২৬ থেকেই ওদের বিদায় শুরু হবে।’