কিভ, ৭ জুলাই : রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আগেই ইউক্রেকে সামরিক সহায়তা দেওয়ার খসড়া প্রস্তাব দিয়েছে নেটো। মঙ্গলবার নেটোর বৈঠকেও হাজির থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই আবহেই ইউক্রেনকে আক্রমণের পথ থেকে সরে আসছে না রাশিয়া। সোমবার ভোরে কিভে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। সংবাদসংস্থা এপি জানাচ্ছে, হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও অনেকে। গত এক সপ্তাহে এই নিয়ে দু’বার ইউক্রেনের রাজধানীতে বড় ধরনের হামলা চালাল রুশ বাহিনী।
মঙ্গলবার থেকে তুরস্কে বৈঠকে বসছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো। সেখানে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হতে পারে বলেও খবর। তার আগেই ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর তরফে জানানো হয়েছে, রবিবার রাত থেকে ইউক্রেনের দিকে অন্তত ৬৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোন ছুড়েছে রাশিয়া। আগেই কিভে আক্রমণ শানিয়েছিল রাশিয়া। ফের আক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন জেলেনস্কি।
সেই আশঙ্কা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের রাজধানীতে আছড়ে পড়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণে কেঁপে ওঠে কিভ। কিভের মেয়র ভিতালি ক্লিচকো সাধারণ জনতাকে নিরাপদ কোনও স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত, কিভে রুশ হানায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন আরও অন্তত ২৪ জন।