সরিয়েছিলেন মমতা, ফের দময়ন্তী সেনকে বড় দায়িত্ব দিলেন শুভেন্দু অধিকারী
আইপিএস অফিসার দময়ন্তী সেন-কে বড় দায়িত্ব দিলেন শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়েছে, রাজ্যে নারী নির্যাতন ও মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের সদস্য-সচিব হিসেবে থাকবেন দময়ন্তী সেন।
অনলাইন ডেস্ক, কলকাতা: আইপিএস অফিসার দময়ন্তী সেন-কে বড় দায়িত্ব দিলেন শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়েছে, রাজ্যে নারী নির্যাতন ও মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের সদস্য-সচিব হিসেবে থাকবেন দময়ন্তী সেন।
এই কমিশনের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। অভিযোগ গ্রহণের জন্য পোর্টাল, হোয়াটসঅ্যাপ নম্বর এবং জনশুনানির ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে। ১ জুন থেকে কমিশনের কাজ শুরু হওয়ার কথা।
দময়ন্তী সেনের নাম নিয়ে রাজনৈতিক মহলে আগেও জোর চর্চা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তিনি কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে থাকলেও ২০১২ সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তদন্তের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে বিরোধীদের দাবি। পরে ২০২৩ সালেও তাঁকে কলকাতা পুলিশ থেকে এডিজি ট্রেনিং পদে বদলি করা হয়।
উল্লেখ্য, দময়ন্তী সেন অতীতে একাধিক হাই-প্রোফাইল মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কলকাতা হাইকোর্টও বিভিন্ন সময়ে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে তাঁর উপর আস্থা রেখেছিল।