ওয়াশিংটন, ২৭ জুলাই : ইরানে নতুন করে হামলা না চালানোর জন্য মার্কিন বাহিনীকে পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার থেকে নতুন করে ইরানের ওপর আর মার্কিন হামলা না হওয়ায় আপাতত পশ্চিম এশিয়ায় অস্বস্তিও কমেছে। কেন হামলা না করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট তা নিয়েই নতুন এক তথ্য সামনে এসেছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্র উল্লেখ করে জানিয়েছে, বাহিনীর তরফেই প্রেসিডেন্টকে বিশেষ বার্তা পাঠানো হয়েছিল। তার পর হামলা থামানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প।
কিন্তু কী সেই পরামর্শ? সূত্রের খবর, আমেরিকার সামরিক বাহিনীর যুগ্ম চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ব্যক্তিগত ভাবে প্রেসিডেন্টকে তিনি হামলায় সাময়িক বিরতির পরামর্শ দেন। জানান, তা না-হলে অস্ত্রভান্ডারে টান পড়তে পারে। অর্থাৎ, পশ্চিম এশিয়ায় আমেরিকার যা অস্ত্রভান্ডার, যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকানো হয়, তার ভান্ডারে টান পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কেইন। তবে এই বিষয়ে মার্কিন বাহিনীর তরফে কোনও কথা বলা হয়নি।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত স্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সেনাকর্তারা অনেকসময়েই অনেক কথা বলে থাকেন। কিন্তু গোপনীয়তার কারণে সেসব প্রকাশ্যে আনা সম্ভব নয়। অন্য দিকে, ইরান থেকেও পৃথক বার্তা গিয়েছে আমেরিকায়। রয়টার্স এক ইরানি আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, আমেরিকা হামলা না-চালালে ইরানও পশ্চিম এশিয়ায় আর কোনও আঘাত করবে না। আপাতত সেটাই তেহরানের অবস্থান। তবে নতুন করে হামলা চালানো হলে ইরানের বাহিনী চুপ করে বসে থাকবে না। এই বার্তা কূটনৈতিক স্তরে আমেরিকার আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার রাষ্ট্রপুঞ্জের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্ট্জ় সংবাদমাধ্যমে জানান, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগোনোর কিছুটা সুযোগ করে দিতে চেয়েছেন ট্রাম্প। তাই হামলা বন্ধ রেখেছেন।