ইউক্রেনের পাশে দাঁড়াল নেটো, ৭ লক্ষ কোটির সামরিক সহায়তা

ওয়াশিংটন, ৪ জুলাই : ইউক্রেন আর রাশিয়ার মধ্যে ফের নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। বুধবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিভকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। হামলায় কিভে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। পাল্টা রাশিয়ার একটি তৈল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনও। এই আবহে এবার ইউক্রেনের পাশে দাঁড়াল নেটো। নেটোর আসন্ন শীর্ষবৈঠকের প্রস্তাবিত যৌথ ঘোষণাপত্রের খসড়ায় রাশিয়ায় বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে ৭০০০ কোটি ইউরো (প্রায় ৭ লক্ষ ৬২ হাজার কোটি টাকা) সামরিক সহায়তার প্রস্তাব রয়েছে। হোয়াইট হাউসে ১৪ মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে তার উত্তপ্ত বৈঠকের পর থেকেই কিভকে দেওয়া সামরিক সাহায্যে কাটছাঁট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নেটো কিভের পাশেই দাঁড়ানোর অঙ্গীকার করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

            আগামী ৭ এবং ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হবে নোটো শীর্ষবৈঠক। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও হাজির থাকার কথা। ওই বৈঠকেই নেটো সনদের পাঁচ নম্বর অনুচ্ছেদের ‘সমষ্টিগত প্রতিরক্ষা’র প্রতিশ্রুতি মেনে ইউক্রেনকে বিপুল সহায়তার প্রস্তাব অনুমোদিত হবে বলে সংবাদসংস্থাটির তরফে জানানো হয়েছে।

            মূলত নেটোর পশ্চিম ইউরোপীয় সদস্যরাষ্ট্রগুলির উদ্যোগেই এই পদক্ষেপ বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ওই দেশগুলি গত সাড়ে চার বছর ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ইউক্রেনকে সামরিক সাহায্য করে এসেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের পাশ থেকে কিছুটা সরে আসার ফলেই এবার সহায়তায় আরও গতি আনতে চাইছে তারা। যৌথ ঘোষণাপত্রের খসড়া অনুযায়ী, নেটোর সদস্য দেশগুলি ২০২৬ সালে ইউক্রেনকে ৭০০০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এ ছাড়া ২০২৭ সালেও ‘অন্তত একই পরিমাণ’ সামরিক সহায়তা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি রয়েছে যৌথ ঘোষণাপত্রের খসড়ায়। ইউক্রেন ৩২ দেশের সামরিক জোটটির সদস্য না হলেও তাদের উপর রুশ ফৌজের হামলার ফলে পোল্যান্ড, স্লোভাকিয়ার মতো নেটো সদস্যদের নিরাপত্তা গুরুতর ভাবে বিঘ্নিত হয়েছে বলে প্রস্তাবে দাবি।

Sumit Chakraborty: