শনিবার | ১১ এপ্রিল ২০২৬

রিগিং হলে ছেড়ে কথা বলব না, হুঙ্কার শাহের

 রিগিং হলে ছেড়ে কথা বলব না, হুঙ্কার শাহের

কলকাতা, ১১ এপ্রিল- শনিবার পুরুলিয়া, বাঁকুড়ার সভা থেকে ফের তৃণমূলকে তীব্র নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছেন শাহ। বাঁকুড়ার সভা থেকে তার স্পষ্ট বার্তা, ভারত ধর্মশালা নয় যে সকলকে আশ্রয় দেওয়া হবে। হুঁশিয়ারির সুরে বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের ধরে ধরে জেলে পাঠানো হবে।’ শনিবার বাঁকুড়ায় জোড়া সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথমে ওন্দায় সভা করেন তিনি।   দুর্গামন্দির, শিবমন্দিরকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন শাহ। বাংলায় বিজেপির সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশ যে কোনওভাবে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে দিয়েছেন শাহ। তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীরা ভারতবাসীর বিপদ। আমাদের যুবকের চাকরি নিয়ে নিচ্ছে। গরিবের অন্ন নিয়ে যাচ্ছে। বাংলা আর একজন অনুপ্রবেশকারীকেও বরদাস্ত করবে না। ভারত ধর্মশালা নয়। আমাদের ভূমি। যারা কব্জা করেছে, তাদের আইনের মাধ্যমে জেলে পাঠাবে বিজেপি সরকার।’ নারী নিরাপত্তা নিয়েও আশ্বাসের সুরে শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায়। তিনি বলেন, ‘এখানে মহিলাদের সুরক্ষা নেই। মমতাদিদি বলেন, ৭টার পরে মহিলাদের বাইরে যাওয়া উচিত নয়। অসমে দেখে আসুন, রাত একটায়ও মহিলারা বিয়েবাড়ি যান স্কুটিতে। কারও কিছু হয় না। বিজেপির সরকার গড়ে দিন, চব্বিশ ঘণ্টা সুরক্ষা দেব।’

            শিল্পের বার্তাও শোনা গিয়েছে শাহের গলায়। তিনি বলেন, ‘তরুণদের উপার্জনের জন্য ভিন্‌রাজ্যে যেতে হয়। পশ্চিমবঙ্গে ৭০০০ কারখানা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। সব কারখানা বাইরে চলে গিয়েছে। আমাদের আদিবাসী, কুড়মি ভাইয়েরা উপার্জন করতে পারেন না। এখান থেকে বেঙ্গালুরু, আহমেদাবাদ, দিল্লি, মুম্বই যেতে হয়। বিজেপির সরকার গঠন করুন। আমরা পশ্চিমবঙ্গকে আবার আগের মতো শিল্পোদ্যোগের কেন্দ্র গড়ে তোলার সম্পূর্ণ চেষ্টা করব। তত দিন পর্যন্ত সকল বেকারকে মাসে তিন হাজার টাকা করে বেকার ভাতা দেওয়া হবে।’

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, ‘মমতা দিদির গুন্ডারা অনুপ্রবেশকারীদের এতটাই তোষণ করে যে কোথাও কোথাও সরস্বতী পুজোও আটকানোর চেষ্টা হয়েছে। আমি বলে যাচ্ছি, মমতার সব গুন্ডারা কান খুলে শুনে নিক— ৫ তারিখের পর বিজেপির সরকার আসবে। রামনবমী হোক বা সরস্বতী পুজো, যেই সমস্যা তৈরি করবে, তারা রেহাই পাবে না।’ ভোটে রিগিং করলে তৃণমূলকে ছেড়ে কথা বলা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *