বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ফখরুল

ঢাকা, ১৩ আগস্ট : বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে শাসক দল বিএনপির প্রার্থী হিসেবে লড়তে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বিএনপির প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) তথা রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক এএমএম নাসিরউদ্দিনের কাছে ফখরুলের মনোনয়ন জমা দেওয়া হয়েছে।

             বৃহস্পতিবারই বিরোধী ১১ দলের জোটের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পেশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ। শেখ হাসিনার জমানায় নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেছিলেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাময়িক ভাবে তার দায়িত্ব পালন করতে হয় স্পিকারকে। ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে সংবিধানে। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যেরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। ৩৫০ আসনের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটের আসনসংখ্যা ২৪৮। সেই হিসেবে ফখরুলের জয় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।

            আগামী ২০ অগস্ট বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (১৩ অগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হয়েছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। ১৬ অগস্ট মনোনয়ন পরীক্ষার দিন। প্রার্থিপদ প্রত্যাহার করা যাবে ১৮ আগস্ট বিকেল ৪টে পর্যন্ত। বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যেরা তাদের দলের প্রার্থীর বাইরে ভোট দিলে সংসদ সদস্যের পদ খারিজ হবে। একাধিক প্রার্থী থাকার কারণে ৩৫ বছর পরে ফের বাংলাদেশে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হতে চলেছে।

Sumit Chakraborty: