মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট রুখতে গ্যাস সরবরাহ দ্বিগুণ করল কেন্দ্র

 জ্বালানি সংকট রুখতে গ্যাস সরবরাহ দ্বিগুণ করল কেন্দ্র

বাড়ছে গ্যাস সরবরাহ

নয়াদিল্লি, ৭ এপ্রিল – দেশজুড়ে দেখা দিয়েছে জ্বালানির সংকট। এবার সেই সংকট কাটাতে আরও তৎপর কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিতে এতদিন যে পরিমাণ এলপিজি সরবরাহ করা হতো এবার তা বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্ত কেবলমাত্র পাঁচ কেজির সিলিন্ডারের জন্য।

            পরিযায়ী শ্রমিকদের সুবিধা করে দিতে মূলত এই ছোট সিলিন্ডার চালু করা হয়। কিন্তু যুদ্ধের আবহে সেই জ্বালানিতেও টান পড়েছিল। আর সেই পরিস্থিতির কথা মাথায় রেখে দৈনিক সিলিন্ডার সরবরাহের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্যাস সরবরাহের এই সিদ্ধান্তের কথা জানিয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে মোদি সরকার। সেখানে বলা হয়েছে, পাঁচ কেজির সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করা হচ্ছে।

            বাড়তি সিলিন্ডারগুলি কেবল পরিযায়ী শ্রমিকদের মধ্যেই বন্টন করা হবে বলেই রাজ্যগুলিকে জানিয়েছে কেন্দ্র। চলতি বছরের মার্চ মাসের ২ এবং ৩ তারিখে যে পরিমাণ ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করেছে কেন্দ্র, সেটারই দ্বিগুণ সংখ্যক সিলিন্ডার এবার পাঠানো হবে। গ্যাসের সংযোগ নিতে হয়ে স্থায়ী বাসস্থানের নথিপত্র দিতে হয়। কিন্তু পরিযায়ী শ্রমিকদের পক্ষে এমন নথি দেওয়া অনেকক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। সেই কথা ভেবে এই ছোট সিলিন্ডার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমস্যার মধ্যে পড়েছেন এই শ্রমিকরা। এবার তাই সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

            সরকার জানিয়েছে, গৃহস্থালি এলপিজি ও পাইপড ন্যাচারাল গ্যাসের সরবরাহকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিশেষ করে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে। এইচপিসিএল জানিয়েছে, দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যদিও যুদ্ধের মধ্যে অনেকটা বেড়েছে গ্যাসের দাম। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কালোবাজারি। প্যানিক বুকিং রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এবার ছোট গ্যাস সিলিন্ডারের সরবরাহ বাড়িয়ে পরিস্থিতির সামাল দিতে চাইছে মোদি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *