আইফেল টাওয়ারের সামনে শ্যেন নদীতে ছটপুজোয় শামিল প্রায় দেড়শো ভারতীয়

প্যারিস: একদিকে ঐতিহাসিক আইফেল টাওয়ার আর সেখানেই শ্যেন নদীর বুকে ভাসমান নৌকা থেকে সূর্যদেবকে অর্ঘ্য দিলেন ছটব্রতীরা। প্রবাসের মাটিতে এমনই এক অভূতপূর্ব ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ফ্রান্সের রাজধানী প্যারিস। এই প্রথম শ্যেন নদীর বুকে আয়োজিত হল এই বিশেষ অনুষ্ঠান। শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিলেন প্রায় ১৫০ জন ভারতীয়।
ঝাঁ-চকচকে প্যারিসের বুকে বিহার-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ছটপুজোর এমন আয়োজন ছিল একই সঙ্গে গর্বের ও আবেগের। আইফেল টাওয়ারকে পটভূমিতে শ্যেন নদীর উপর নৌকা থেকে অর্ঘ্য নিবেদন করলেন সুসজ্জিতা মহিলারা। আয়োজকদের দাবি, শ্যেন নদীতে এই প্রথম ছটপুজোর অর্ঘ্য নিবেদন করা হল। তবে এই আয়োজনের পিছনে ছিল দীর্ঘ প্রস্তুতি, পরিকল্পনা ও প্রশাসনিক সমন্বয়। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি, ছাড়পত্র নেওয়ার পরেই নিয়মবিধি মেনে সমস্ত ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখেই সম্পন্ন হয় যাবতীয় প্রস্তুতি।
পাশাপাশি ছটপুজোর ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্যের যাতে কোনও খামতি না থাকে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছিল। নারকেল-সহ পুজোর প্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য পুজোর উপকরণ বাজার থেকে সংগ্রহ করে আগেভাগেই সমস্ত ব্যবস্থা করা হয়। এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্যোক্তা রাধিকা সিংহ। ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা রাধিকার কাছে ছটপুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং শৈশব, পারিবারিক স্মৃতি, বিশ্বাস ও আত্মিক বন্ধনের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের নাম। ছোটবেলা থেকেই তিনি মায়ের ছটের ব্রত পালন, নিষ্ঠা ও ভক্তির পরিবেশ দেখে বড় হয়েছেন। সেই শিকড়ের টানই তাঁকে সুদূর প্যারিসের মাটিতে এই বিশেষ আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে। এ বছর প্যারিসে তাঁর এক ঘনিষ্ঠ বান্ধবীও ছটের ব্রত পালন করেন।
রাধিকা সিংহের কথায়, ‘বিদেশে বসবাস করলেও নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি ও পরম্পরার প্রতি ভালোবাসা তৈরি করা অত্যন্ত জরুরি। এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি আপ্লুত। আসলে পরবর্তী প্রজন্মের কাছে ঐতিহ্যকে পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই তো কোনও সংস্কৃতি বেঁচে থাকে।’

Sumit Chakraborty: