ভোটার তালিকায় বিশেষ সংশোধন এবং খসড়া তালিকা প্রকাশের দিন আপাতত স্থগিত বাংলায়, বিজ্ঞপ্তি কমিশনের

কলকাতা, ২০ নভেম্বর- পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (এসএসআর) এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন হঠাৎ করেই পিছিয়ে দিল নির্বাচন কমিশন। ‘অনিবার্য পরিস্থিতিতে’ এই কাজ পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কী পরিস্থিতিতে এই সিদ্ধান্ত তা স্পষ্ট করে বলা হয়নি।

            আগামী ২৩ নভেম্বর এই খসড়া তালিকা প্রকাশের কথা ছিল। এবার সেই দিন পিছিয়ে দেওয়া হলো।  শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার অরিন্দম নিয়োগী বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে,  কবে স্পেশাল সামারি রিভিশনের খসড়া তালিকা প্রকাশিত হবে, তা পরে জানানো হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্র, তেলেঙ্গানা-সহ সাত রাজ্যে এই কাজ চলছে। সেখানে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক হয়েছে ২২ ডিসেম্বর।

            কিন্তু এরাজ্যে কেন বারবার পিছিয়ে যাচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশের কাজ? এ বিষয়ে নির্দিষ্ট কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, এসআইআর ট্রাইব্যুনালের ধীরগতির কাজই এর প্রধান কারণ। ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক বিচারপতি এই ট্রাইব্যুনালের দায়িত্ব ছেড়েছেন। যারা কাজ করছেন, তাদের উপর প্রচুর চাপ। ফলে নাম তোলার কাজ গতি পাচ্ছে না সেভাবে। এছাড়া নাগরিকদেরও সময়মতো নথি জমা দেওয়ার ক্ষেত্রেও খানিকটা গয়ংগচ্ছ মনোভাব দেখা গিয়েছে। সবমিলিয়ে, সংশোধিত তালিকা হাতে পাচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন।  

Sumit Chakraborty: