বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাসভবনে খোলা হলো জাদুঘর

ঢাকা, ৬ আগস্ট : বছর দু’য়েক আগে এক আগস্ট মাসেই ছাত্রজনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন ভারতে। এ বার হাসিনার সরকারি বাসভবন বলে পরিচিত ‘গণভবনে’ খোলা হল জাদুঘর। হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়েছে এখানে। নাম রাখা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার এই জাদুঘরের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

            দু’বছর আগে ২০২৪ সালে জুলাই মাসে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল বাংলাদেশ। বিক্ষোভ দমাতে সে দেশের নিরাপত্তাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে আন্তর্জাতিক মহলে। রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্ট অনুযায়ী, ওই আন্দোলন দমন করতে তৎকালীন হাসিনা সরকার যে কঠোর নীতি প্রয়োগ করেছিল, তাতে ১৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়। হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকার শেরেবাংলায় গণভবনে আছড়ে পড়েছিল জনরোষ। লুট হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন। জামাকাপড় থেকে শুরু করে টেবিল, চেয়ার, প্রিন্টার, কম্পিউটারের সিপিইউ কিছুই বাদ যায়নি। পরে অবশ্য তার মধ্যে অনেক কিছু ফেরতও এসেছিল।

            এবার সেই গণভবনেই তৈরি হলো জাদুঘর। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক এই জাদুঘরের উদ্বোধন করেন। পরে আওয়ামী লীগ জমানার গুম-খুনের অভিযোগ নিয়েও সরব হন তিনি। আশ্বাস দেন, জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে।

Sumit Chakraborty: