কলকাতা, ৬ আগস্ট– কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা এবং হীরের নানা ধরনের গয়না সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ডোমেস্টিক কার্গো থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণের সোনা এবং হিরে। পুলিশ সূত্রে খবর, রিসিভার মাল নিতে গেলে সন্দেহ দেখা দেয় কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে। বিমানবন্দর থেকে হাতেনাতে ধরে ফেলা হয় ওই সন্দেহভাজন ব্যক্তিকে। কোথা থেকে এসেছে এই সোনা এবং হিরে? কোথায় পাচার করা হচ্ছিল? সব প্রশ্নের উত্তর জানতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির থেকে সোনা এবং হীরের ব্রেসলেট, নেকলেস, আংটি, চুড়ি ও আরও নানা ধরনের গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।
সোনা এবং হিরে কোথায় পাচারের কথা ছিল, কোথা থেকেই বা এই বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না এল, কে কে রয়েছে এই পাচার চক্রের পিছনে, কোথা থেকে কে কনসাইনমেন্ট পাঠিয়েছিল, এখানে কার সেটা নেওয়ার কথা ছিল, কাকে দেওয়ার কথা ছিল, পুরো চক্রের পিছনে মাথা কারা – সবকিছুই জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিধাননগর কমিশনারেটের সূত্রে খবর, ডোমেস্টিক কার্গোর সাহায্যে এইসব সোনা এবং হিরের গয়না কলকাতা বিমানবন্দরে এসেছে। ডোমেস্টিক কার্গো থেকে কলকাতা বিমানবন্দরে এইসব সোনা এবং হিরের গয়নার নামানোর পর এক ব্যক্তি স্কুটারে চড়ে সেই গয়না নিয়ে পালানোর ছক কষছিলেন। সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে নাকা চেকিংয়ে আটকানো হয়।