হাসপাতালের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের, আট ইনটার্ন চিকিৎসককে শো-কজ
কলকাতা, ১৭ নভেম্বর– চোরবাগান কান্ডের আবহে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জেরে এবার আট ইন্টার্ন চিকিৎসককে শো-কজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। কেন ডিউটি না করে সেই সময়ে চিকিৎসকেরা সাংবাদিক বৈঠক করলেন সেই প্রশ্নই করা হয়েছে শো-কজে। আগামী তিন দিনের মধ্যে শো-কজের জবাব তলব করা হয়েছে। ইন্টার্নদের তালিকায় রয়েছেন সৌম্যদীপ দে, আয়ুষ ঝা এবং অজিঙ্কা কুমার বর্মা-সহ মোট আট জন। শুধু শো কজ় করাই নয়, অধ্যক্ষের দফতরের তরফে ওই আট জন ইন্টার্নের অভিভাবকদের কাছেও ইমেল পাঠানো হয়েছে।
গত ১৭ অক্টোবর কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনায় গুরুতর জখম রোগীদের হঠাৎ করে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উত্তেজনার সূত্রপাত হয়েছিল। ওই দিন গভীর রাতে যখন তড়িঘড়ি রোগী স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়, ঠিক তখনই মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা একত্রিত হয়ে একটি সাংবাদিক বৈঠক করেন এবং প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন। হাসপাতাল সূত্রে খবর, শো কজ়ের চিঠি এবং অভিভাবকদের পাঠানো ইমেলে মূলত দু’টি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট আট জন ইন্টার্ন সে দিন ডিউটিতে থাকা সত্ত্বেও নিজের কাজ না করে সাংবাদিক বৈঠক করেছেন। দ্বিতীয়ত, ওই সাংবাদিক বৈঠকে হাসপাতালে মজুত ওষুধ সংক্রান্ত যে সমস্ত তথ্য তারা দিয়েছিলেন এবং যে সব ওষুধ নেই বলে দাবি করেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা।
সেদিনের সাংবাদিক বৈঠকে ইনটার্নদের প্রধান বক্তব্য ছিল যে, সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর একেবারে সর্বোচ্চ শিখরে অবস্থান করছে এই ধরনের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি। এমতাবস্থায় সেখানে চিকিৎসাধীন রোগীরা উন্নত ও নিখরচায় জীবনদায়ী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন না, এটাই সাধারণ মানুষের কাছে একমাত্র প্রত্যাশিত বিষয়। কিন্তু তা না করে হঠাৎ করে কেন সরকারি হাসপাতাল ছেড়ে রোগীদের কর্পোরেট বা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল, সেই প্রশ্ন তুলেছিলেন তারা। সেই বিতর্কের জল গড়ায় স্বাস্থ্য ভবন পর্যন্ত। নবমীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছিলেন, কাজের সময় ওয়ার্ডে না থেকে জুনিয়র চিকিৎসকেরা সাংবাদিক বৈঠক করছিলেন কি না, তা খতিয়ে দেখতে। তার পরেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজের প্রশাসকদের সঙ্গে বৈঠক করে কড়া হওয়ার নির্দেশ দেন এবং জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সে দিন হাসপাতালে ওষুধ মজুত থাকার কথাই জানিয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তার পরেই এ বার সরাসরি আট ইন্টার্নকে শো কজ করা হল।