মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬

সৌমিত্র চট্টোপাধ্যায়: সহজ ও সরল ভাবনায় আজও অমলিন

 সৌমিত্র চট্টোপাধ্যায়: সহজ ও সরল ভাবনায় আজও অমলিন

মৃত্যুর কিছুদিন আগে দূরদর্শনে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল মরণের পরে তাঁর প্রধান ইচ্ছা কী? উত্তরে তিনি বলেন, চুটিয়ে আড্ডা মারা এবং সঙ্গে নিয়ে যাওয়া গীতাঞ্জলি বারবার পড়া। ঠিকই ধরেছেন, আজকে আমাদের চর্চা অভিনেতা, কিংবদন্তি মহানায়ক, নাট্যকার, কবি, আবৃত্তিকার, চিত্রকলাবিদ এবং ভালোবাসার প্রকৃত অর্থ খোঁজার জন্য বিশেষভাবে আকুল এক ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। লিখছেন ড. উত্তম কুমার দত্ত।

“যদি রূপ দেখে কাউকে ভালোবাসো
সেটা ভালোবাসা নয়
সেটা বেছে নেওয়া
যদি কারও দেহ দেখে ভালোবাসো
সেটা ভালোবাসা নয়
সেটা লালসা
যদি কারও টাকা দেখে ভালোবাসো
সেটা ভালোবাসা নয়
সেটা লোভ।।
স্কুলে পড়ার সময় কার্ল মার্ক্স পড়ে ফেলা, পড়ার বই বিক্রি করে নাটক দেখা, কলেজের প্রথম দিন থেকে ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত হওয়া, বিধানসভা অভিযানে গিয়ে পিঠে লাঠির বাড়ি খাওয়া, মিলিটারি সার্ভিসে যাওয়ার স্বপ্ন ত্যাগ করে অভিনেতা হয়ে ওঠা, কবিতা লেখা এবং বলা, কফি হাউসে শক্তি, সুনীল, মানিকদা, নির্মাল্য এবং আরও অনেকের সঙ্গে দিনের পর দিন চুটিয়ে আড্ডা মারাই ছিল তাঁর জীবন। থিয়েটার সৌমিত্রের প্রথম ভালোবাসা। তিনি যে পরিবারে জন্মেছিলেন, সেখানে অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। তাঁর ঠাকুরদা এবং বাবা থিয়েটারের বিরাট ভক্ত ছিলেন।
কৃষ্ণনগরে ঠাকুরদা একটি সৌখিন থিয়েটার দলের সভাপতি ছিলেন আর হাইকোর্টের আইনজীবী বাবা মহিতকুমার চট্টোপাধ্যায় নিয়মিত অভিনয় করতেন। বাবা ভালো আবৃত্তিও করতেন। ফলে অভিনয় এবং আবৃত্তির প্রতি ঝোঁক সৌমিত্রের ছোটোবেলা থেকে শুরু হয়। তাঁর বাবা আইনের পেশা ছেড়ে দিয়ে সরকারি বদলির চাকরি নিলেন। কৃষ্ণনগর থেকে প্রথমে বারাসাত, তারপর হাওড়ায় চলে আসেন। মাঝে কিছুদিন দার্জিলিং। ১৯৪৫ সালে তাঁর দাদা এবং তিনি স্কুলের ছাদে উঠে ইউনিয়ন জ্যাক পুড়িয়ে দিয়েছিলেন। আসলে স্বাধীনতা সংগ্রামে তাঁর পরিবারের এক বড় ভূমিকা ছিল। তাঁর দাদু এবং বাবা উভয়ই বোমা মামলায় জেল খেটেছেন। বিপ্লবী বাঘা যতীন ছিলেন তাঁদের পরিবারের সদস্য।
ম্যাট্রিকুলেশন পাস করার পর কলকাতার সিটি কলেজে আইএসসি-তে সায়েন্স নিয়ে ভর্তি হলেন, কিন্তু প্রথম দু’বছর সায়েন্স নিয়ে পড়ার পর পাল্টে ফেলেন স্ট্রিম। পরে বাংলায় অনার্স নিয়ে বিএ পাস করেন। সাহিত্যের প্রতি ঝোঁক থাকায় এই পরিবর্তন। এমএ পাস করেন বাংলায়। কলেজে পড়াকালীন ব্যাপকভাবে শুরু হয় নাটক দেখা। বিশেষ করে নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ির অভিনয়ের প্রতি খুব আকর্ষণ ছিল। শিশুকাল থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা এবং শিশিরকুমার ভাদুড়ীর বিশেষ অনুরাগী হওয়ায় অভিনয়কে তিনি সবচেয়ে বেশি আপন করে নিলেন। শিশিরবাবুর সঙ্গে ‘প্রফুল্ল’ নাটক মঞ্চস্থ করা এবং ব্যক্তিগতভাবে মেলামেশা তাঁকে নাটকের প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করেছিল।
পেশাদার অভিনয়ে সৌমিত্রর প্রথম আবির্ভাব কাশী বিশ্বনাথ মঞ্চে ‘নাম জীবন’ নাটকের মাধ্যমে। শিশিরবাবুর অভিনয় দ্বারা তিনি এমনভাবে প্রভাবিত ছিলেন যে ‘লিয়র’ যখন করেন, তখন তাঁর অভিনয়ে শিশিরবাবুর প্রতিফলন দেখা যায়। নাটক থেকে চলচ্চিত্রে আসাটা একপ্রকার দুর্ঘটনা। বাবার উপদেশে সেনাবাহিনিতে যোগ না দিয়ে অভিনয়কে আপন করে নিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা। ছোটোবেলা থেকে সিনেমার খুব ভক্ত ছিলেন। স্কুল পালিয়ে কৃষ্ণনগরে একটার পর একটা সিনেমা দেখতেন। তবে বরাবরই মনে করতেন সিনেমা থেকে থিয়েটার শিল্পমাধ্যম হিসেবে অনেক বিশুদ্ধ। শিল্প হিসেবে সিনেমার বিপুলতা বুঝতে পারেননি, এমনকি একাধিক বিদেশি ছবি দেখার পরেও।
তবে ‘পথের পাঁচালি’ দেখার পর তাঁর ভাবনার অনেক পরিবর্তন ঘটে এবং সিনেমাকেও থিয়েটারের সঙ্গে সঙ্গে ভালোবাসতে শুরু করেন। ‘অপুর সংসার’-এ তাঁর প্রথম চলচ্চিত্রাভিনয় থেকে শুরু করে একদম শেষজীবনে ‘ময়ূরাক্ষী’, ‘পিস হেভেন’, ‘পদক্ষেপ’ অবধি তাঁকে যেমন একজন কিংবদন্তি চিত্রতারকা হিসেবে চিহ্নিত করা যায়, তেমনি তাঁর অভিনীত প্রতিটি ছবিতে তাঁকে একজন ব্যতিক্রমী অভিনেতা বলে চেনা যায়। ‘ঝিন্দের বন্দী’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘চারুলতা’, ‘অভিযান’, ‘দেবী’, ‘কাপুরুষ’, ‘সাতপাকে বাঁধা’, ‘কাচ কাটা হীরে’, ‘তিন ভুবনের পারে’, ‘আকাশকুসুম’, ‘অশনি সংকেত’, ‘আতঙ্ক’ ইত্যাদি সব ছবিতেই তাঁর অভিনয় ভিন্ন ধরনের এবং অনন্যসাধারণ। ২০০৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করে। ২০১২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশে-বিদেশে প্রচুর সম্মান তিনি লাভ করেন।
অভিনেতা হিসেবে সৌমিত্র যেমন ছিলেন কিংবদন্তি, তেমনই কবি হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। কবিতা লেখা এবং কবিতা বলার ক্ষেত্রে তাঁকে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়। তাঁর কাব্য, ভাষার স্বাতন্ত্র্য এবং স্বকীয়তা লক্ষণীয় এবং তাঁর অন্তর্মুখী স্বগত উচ্চারণ তাঁর সমসাময়িক কবিদের থেকে পুরোপুরি ভিন্ন। রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের প্রতি তাঁর ছিল বিশেষ অনুরাগ। আবৃত্তিচর্চাকে এমন সমৃদ্ধ এবং বলিষ্ঠ করে তুলেছিলেন যে চিরকাল মানুষ তাঁকে মনে রাখবে একজন প্রথিতযশা কবি ও আবৃত্তিকার হিসেবে। শক্তি চট্টোপাধ্যায় তাঁকে ‘পুলুবাবু’ বলে ডাকতেন। সৌমিত্র যখন কোনও লেখা লিখতেন, তখন তার পাণ্ডুলিপি শক্তিকে দিয়ে দেখিয়ে নিতেন। শক্তির মৃত্যুর পর সুনীলকে দিয়ে কবিতা দেখিয়ে নিতেন এবং পড়ে শোনাতেন।
শক্তি চট্টোপাধ্যায় একসময় সৌমিত্র সম্পর্কে লিখেছেন—’সৌমিত্র একজন প্রকৃত কবি একথা যেন ভুলে না যাই।’ সৌমিত্র চট্টোপাধ্যায় কোনও দিন আর্ট স্কুলে ছবি আঁকা শেখেননি, তবু তুলি এবং স্কেচপেন ব্যবহারে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। অবসর সময় পেলেই অথবা টানা কাজের মধ্যে কোনও বিরতির সুযোগ এলেই তিনি ছবি আঁকতেন। তাঁর ছবি আঁকার ধরন অনেকটাই নিজস্ব, এমনকি কিছুটা ব্যক্তিগত। তিনি যখন ছবি আঁকতেন, তখন অন্য কল্পনার জগতে পৌঁছে যেতেন ঠিক যেমনটি ছিল কবিতা লেখার ক্ষেত্রে।
অত্যন্ত দুঃখের বিষয় যে ১৫ নভেম্বর, ২০২০ করোনা মহামারির সময় কলকাতায় তাঁর প্রয়াণ ঘটে আর চোখের জলে আমরা হারালাম এক মহান ভারতীয় সন্তানকে। তবে শেষ হয়েও যেন শেষ হয় না তাঁর কথা, মনে পড়ে যায়—
ঝড়ের শেষে তারা
দেওয়াল ভাঙলে আকাশ সীমানাহারা
দিন শেষ হলে রাত্রির প্রত্যাশা
অন্ধকারের জোয়ারে আসবে হার্মাদ ভালোবাসা।

(লেখক পরিচিতি: বিশিষ্ট অধ্যাপক।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *