সোমবার | ১৬ নভেম্বর ২০২৬

পঞ্চম এনকাউন্টার বাংলায়, কেন গুলি চালানো হলো, ব্যাখ্যা দিল পুলিশ

 পঞ্চম এনকাউন্টার বাংলায়, কেন গুলি চালানো হলো, ব্যাখ্যা দিল পুলিশ

কলকাতা, ১৬ নভেম্বর- বঙ্গে ফের এক এনকাউন্টারের ঘটনা। আর তা নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। বীরভূমে ‘দুষ্কৃতী’ রতন শেখের এনকাউন্টারে মৃত্যুর পর থেকেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বাংলায় বিজেপির সরকার আসার ছয় মাসের মধ্যে এই নিয়ে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল। আর সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, ‘পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে কি পুলিশ রসগোল্লা ছুঁড়বে। বাংলায় এইসব দুষ্কৃতীদের কোনো স্থান নেই। এদের সতর্ক করছি।’

            এই এনকাউন্টারের সময়ে ঠিক কী ঘটেছিল তা এদিন সাংবাদিক সম্মেলন করে জানায় পুলিশ। তাদের বক্তব্য, ইটভাটায় অস্ত্র খুঁজতে নিয়ে যাওয়া হয়েছিল রতনকে। সেখানেই পুলিশ আধিকারিকদের নিশানা করে তিনি গুলি ছোড়েন। সেই গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। এর পর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করে এবং তাতেই রতনের মৃত্যু হয়। রতনের ‘এনকাউন্টার’ নিয়ে সোমবার সকালে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ সাংবাদিক বৈঠক করেন। জানান, ‘এনকাউন্টার’ হয়েছে আইন মেনে, আত্মরক্ষার স্বার্থে। পুলিশ সুপার বলেন, ‘রতন শেখকে এর আগে অনেক বার গ্রেফতার করা হয়েছিল। বিভিন্ন জেলে ছিল। জেল থেকে ছাড়াও পেয়েছিল। রতনের বিরুদ্ধে ৩৬টি এবং তার সঙ্গী রমেশ লোহারের বিরুদ্ধে ১৭-১৮টি মামলা রয়েছে। সব ডাকাতি, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলা। আমরা আমাদের সূত্র কাজে লাগিয়ে একাধিক দল গঠন করে ওকে ধরার জন্য অভিযান শুরু করেছিলাম।’

            ‘এনকাউন্টারের’ পরিস্থিতি তৈরি হল কেন? এসপি বলেন, ‘পুলিশের টিম রতনকে নিয়ে ইটভাটায় গিয়েছিল। অস্ত্র কোথায় আছে বোঝাতে গিয়ে ও এদিক-ওদিক দেখাচ্ছিল। হঠাৎ করে নীচে বসে পড়ে। ঝোপ বা কোথাও থেকে অস্ত্র বার করে পুলিশকে লক্ষ্য করে সোজা গুলি চালায়। সেই গুলি পুলিশের গাড়িতে গিয়ে লেগেছে। তখন আত্মরক্ষার্থে আমরা গুলি চালাই এবং ও গুলিবিদ্ধ হয়।’ ঘটনায় শান্তিনিকেতন এবং নানুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। এসপি জানান, পুলিশ আইন মেনেই কাজ করেছে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য খবর দেওয়া হয়েছে ফরেনসিক দলকে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯, ১১৮, ১৩২, ২২১ ও ৩৫ নম্বর ধারা এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা শুরু হয়েছে। 

            এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, পুলিশকে গুলি করলে পুলিশ রসগোল্লা ছুঁড়বে তা হবে না। পুলিশকেও গুলি করতে হবে। এই ধরনের অপরাধ যারা করবে তাদের এই পরিণতি হবে।

            পাল্টা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, অপরাধীদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু এভাবে যদি কথায় কথায় এনকাউন্টারের প্রবণতা তৈরি হয় তাহলে তা আগামীদিনে বিপজ্জনক হতে পারে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *