সোমবার | ১৬ নভেম্বর ২০২৬

‘শিল্প ক্ষতকে পাপ বলে ছুঁড়ে ফেলে না’

 ‘শিল্প ক্ষতকে পাপ বলে ছুঁড়ে ফেলে না’

সংহিতা চৌধুরী। গল্পে এবং কবিতায় জয় করে নিয়েছেন পাঠকের মন। তার কাব্য ভাষায় রয়েছে বহু সূক্ষ্ম টান। আলাপচারিতায় বাসব মৈত্র।

প্রথমেই জানতে চাইব সাহিত্য আপনাকে কীভাবে আকর্ষণ করে? লেখালেখির মূল উদ্দেশ্য কী বলে মনে করেন?
সাহিত্য আমার কাছে মানুষের চেতনার সঙ্গে এক গভীর সংযোগ। জীবনের উপলব্ধি থেকেই আমি শব্দ সাজাই। গল্প বা কবিতার মধ্য দিয়ে মানুষের না বলা কথা, একাকীত্ব এবং সমাজের নানা অসঙ্গতি ও কুসংস্কারের বিরুদ্ধে সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমার কাছে আকর্ষণীয় বিষয়।
আমার কাছে লেখালেখির মূল উদ্দেশ্য, নিজের মনের আনন্দকে খুঁজে নেওয়া এবং পাঠকের অনুভূতিকে স্পর্শ করা। বর্তমান সময়ের অস্থিরতা ও অন্ধকারের মধ্যে আমি শব্দের মাধ্যমে মানুষের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে চাই ।

আপনার একটি কবিতা, ‘একটি কালো রাতের দৃশ্য’, এই কবিতায় লিখেছেন, ‘অধিকার মৈথুনের সীমা পার করে/ তার স্পর্শে শরীর শূন্যতা পায়’। অধিকার কি প্রেমের পূর্ণতার ক্ষেত্রে কোনও অলঙ্কার বলে মনে করেন? প্রেমের পূর্ণতার ধারণা আপনার কাছে কেমন? শরীরের শূন্যতা পাওয়ার অনুভূতি ঠিক কতটা? সংক্ষেপে যদি বলেন।
প্রথমেই বলি, কবিতাটিতে ট্রমা, শোষণ ও অস্তিত্বের চরম সংকটের কথা বলা হয়েছে।
প্রেম মানেই নিঃস্বার্থ ভালোবাসা এবং গভীর মানসিক সংযোগ। এমনও বলতে পারি, প্রেম দুটো প্রাণের শক্তি ও অটুট শ্রদ্ধার বন্ধন। এইবার আপনার প্রশ্ন অনুযায়ী বলতে পারি, প্রেমে অধিকার বা অর্পণ সুন্দর অলঙ্কার হতেই পারে। কিন্তু কবিতায় এই ‘অধিকার’ শব্দটি নেতিবাচক ও হিংস্র অর্থে ব্যবহৃত হয়েছে। অধিকার কখনও প্রেম হতে পারে না বরং বলতে পারি, জোর করে অধিকার বা আধিপত্য বিস্তার করলেই অত্যাচারের শিকার হতে হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। অধিকারের নামে ভোগবস্তুই হচ্ছে সমাজ বা দেশের নাগরিকরা।
‘প্রেমের পূর্ণতা’ সম্পর্কে আপনার প্রশ্নের উত্তরে অবশ্যই বলব যে ‘প্রেম’ শব্দটি জোরজবরদস্তি নয়, দুটো মনের নিরাপদ আশ্রয়ের স্বাধীনতা ও মানসিক সংযোগের নামই আমার কাছে প্রেমের পূর্ণতা। আমাদের বিচিত্র সমাজব্যবস্থায় একটি শরীরকে নিষ্পেষণ খোলসে পরিণত করে, তা কখনও প্রেমের পূর্ণতা হতে পারে না। আর শরীরের শূন্যতা নিয়ে বলব যে, রোমান্টিকতা কখনও শূন্যতা হতে পারে না বরং ধর্ষণ আর শোষণের ফলেই একটি জীবন্ত মানুষ চলন্ত লাশে পরিণত হয় এবং হচ্ছে প্রতিনিয়ত। আর অত্যাচার বা শোষণের তীব্রতা যখন বেড়ে যায় তখনই শূন্যতার অনুভব ভয়ানক হয়ে ওঠে।

‘গণিতের বাগধারা’ কবিতায় লিখেছেন, ‘তুমি ভালোবাস তাকে জানতাম না তো!’— এখানে আক্ষেপের স্বরে মেশে হাহাকার, ঈর্ষা এবং অভিযোগ তোলে খুবই পরিশীলিতভাবে। অন্য কারও প্রতি প্রিয় মানুষের ভালোবাসা কতটা নারীমনকে আগ্রাসী, হিংস্র করে তোলে? এর নিরাময় কী? শিল্পচর্চা এই ক্ষতকে কীভাবে মূল্যায়ন করবে?
খুব সুন্দর প্রশ্ন! কবিতার এই অংশটি মানুষের মনের খুব গোপন অন্ধকারের দিকটি তুলে ধরেছে। এই লাইনটির ভেতরের হাহাকার কেবলমাত্র একটা সম্পর্কের ভাঙন নয়, এটি একটি তীব্র অস্তিত্ব সংকট। একজন নারী যখন তার প্রিয় মানুষটির সঙ্গে রান্নাঘর থেকে দর্শনচর্চায় গভীরভাবে জড়িয়ে থাকে, সে কখনই চাইবে না অন্য কারোর জর্জেট শাড়ির আঁচলের নিচে প্রিয়টি হারিয়ে যাক্— আর যখন এই বিপরীতগামী লক্ষণ দেখা যাবে তখনই মনস্তাত্ত্বিক কারণে হিংস্রতা বা আগ্রাসন তৈরি হবে নিশ্চিত। তাই তো হওয়ারও কথা! পরিশীলিত এবং মনস্তাত্ত্বিক আগ্রাসন মনের অবচেতনে তখন একটা অহংকার কাজ করে চিরে চিরে বলবে— তুমি যেখানেই যাও ভুল করে, আবার আমার কাছেই ফিরবে, তাকে যেভাবেই হোক সঠিক পথে আনতে যারপরনাই চেষ্টা করা— আর এটাই তো স্বাভাবিক বলে মনে হয় আমার।
তখন তীব্র যন্ত্রণা বা ঈর্ষা থেকে নিরাময়ের পথ কি সহজ হয়? না হয় না। তবে এর একটাই উপায়— হয় উপেক্ষা নয় মেনে নেওয়া (Acceptance)। তবে চেষ্টাকে বাদ দিলে চলবে কেমন করে? আইনি পদক্ষেপ নিয়ে আদালতের দরজায় গিয়ে নিজেকে উন্মুক্ত করতে হবে অবশ্যই। জীবনের ছক যে একেবারেই মিলে যাবে তা নয় বরং অদৃশ্য দিনগুলো এভাবে না দেখে জোর করে ধরে রাখার চেষ্টা না করে ছেড়ে দিলেই ভালো হয় একটা সময়। কারণ জোর করে কিছু হাসিল করা যায় না। অন্যের আচরণ যখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন আমরা নিজেদের হারিয়ে ফেলি। তাই নিজের কেন্দ্রের দিকে ফিরে আসা, তখন আবার নিজেকে নতুন করে আবিষ্কার করলেই ক্ষতের নিরাময় সম্ভব।
এটি সত্যি যে, শিল্পসৌন্দর্য মানুষের ভেতরের অন্ধকার, ঈর্ষা বা কুৎসিত অনুভূতিগুলোকে কোনও বিচার করে না। শিল্প ক্ষতকে পাপ বলে ছুঁড়ে ফেলে না বরং একে এক অনন্য নান্দনিক রূপ দেওয়ার চেষ্টা করে। বাস্তবে যন্ত্রণা হয়তো চিৎকার, কান্না বা অবসাদ কিন্তু শিল্পচর্চা তার নিজস্ব গুণে বিচার করে। তাই তো ‘গণিতের বাগধারা’ বা ‘কাঁটাকম্পাস’-এর মতো সুন্দর সব রূপকে প্রকাশ পাইয়ে দেয়। শিল্প ক্ষতকে অলংকারে পরিণত করে এবং মানুষকে এক ধরনের মানসিক মুক্তি বা ক্যাথারসিস দেয়।

‘শব্দজীব ও তার চিহ্ন’ কবিতায় লিখেছেন, ‘দেহের ভারসাম্য রক্ষা করেছে ধ্রুবতারা। যেখানে প্রতিটি ধারালো খুন হবে/ একটি ভবিষ্যৎবাণী।’— ধ্রুবতারা এখানে কতটা প্রতীকী? খুন এখানে কতটা শারীরিক এবং নৈরাজ্য ও নৈরাশ্যের প্রতীক?
কবিতায় ধ্রুবতারা অবশ্যই প্রতীকী অর্থেই ব্যবহৃত হয়েছে। কারণ বলা বাহুল্য, আধুনিককালে প্রতীকী ছাড়া কবিতা অসম্পূর্ণ। যখন আমাদের চারপাশ পাশবিকতার জয়ধ্বনিতে মেতে ওঠে তখন ধ্রুবতারা সংবেদনশীল মানুষদের বেঁচে থাকার মানসিক ভারসাম্যকে শেষ আশ্রয় দিতে সাহায্য করে। আর ‘খুন’ বলতে এখানে রক্তারক্তি বা শারীরিক হেনস্থা নয়, গভীর রূপক হিসেবে বিশৃঙ্খলা ও হতাশার প্রতীক। বর্তমান নিয়তির কর্মফলে এই নৈরাজ্য ও নৈরাশ্য যেন আগামীদিনের বিপর্যয়ের পূর্বাভাস হয়ে ওঠে।

‘আত্মবৈভব’ কবিতায় লিখেছেন, ‘তোমার শ্বাসের আলিঙ্গনে স্পষ্ট হচ্ছে যুগের নিয়ম।’— প্রণয়চিহ্ন, প্রত্যাশাভঙ্গি যুগের উপর কতটা নির্ভরশীল আপনার বিবেচনায়? ব্যক্তিজীবনের ক্ষেত্রেও যুগ অর্থে, ভিন্ন সময় ধরলে শ্বাসের আলিঙ্গন কতটা বৈপরীত্যের শিকার হয় বলে মনে করেন?
বলতে গেলে প্রতিটি যুগেরই নিজস্ব যুগচেতনা বা Morality থাকে। এমনও হতে পারে যে যুগে উশৃঙ্খলতা ছিল দেখা গেল অন্য আরেকটি যুগে ব্যক্তিস্বাধীনতার উপলব্ধি। আধুনিক যুগপ্রেম অনেক বেশি অকপট ও শরীরী।
যেমন ধরুন, চিঠির যুগে যেরকম আকুলতা, ব্যাকুলতা এমনকি প্রত্যাশাভঙ্গি ছিল উত্তেজনাময়, আধুনিককালে দেখা যাচ্ছে সমস্ত সম্পর্ক হয়ে গেছে ডিজিটাল। ভাবুন, যুগ হোক বা সময় বৈপরীত্য আসতে দিনক্ষণ লাগে না। ব্যক্তিজীবনের ক্ষেত্রে আমরা যদি যুগ বলতে বয়সের ভিন্ন সময়কে বিবেচনা করি অথবা সম্পর্কের ভিন্ন কালপর্বকে ধরি তাহলে তো ‘শ্বাসের আলিঙ্গন’-এ অবশ্যই তীব্র বৈপরীত্যের শিকারকে অস্বীকার করা যাবে না। আমি এককথায় বলতে পারি, এটি আদিম ও শাশ্বত সত্য। কারণ, যুগ বা সময়ভেদে ভালোবাসার তীব্রতা শান্ত ও আত্মিক রূপও ধারণ করে।
আপনার ‘দাওয়াই’ গল্পে দেখি রুমার অভীকের প্রতি অভিযোগ, রুমা রেগে গেলে অভি কেন চুপ করে যায়, তাকে শান্ত করে না। এখানে নারীমনের গতিপ্রকৃতির সঙ্গে পুরুষ তাল মেলাতে পারে না বলে কেন মনে হয়? দাম্পত্যে স্পর্শ কতটা জরুরি বলে একজন লেখক হিসেবে মনে করেন?
আমাকে যখন এমন প্রশ্ন করা হল তখন আমি বলব, নারীমন সবসময়ই তার একজন পুরুষকে চায় আর এটাই বোধহয় সহজাত প্রবৃত্তি। গল্পের আবেগী মোচড় আনাটাই আমার লক্ষ্য ছিল আর তাই রুমা একজন নারী হয়ে অভীকের প্রতি ভালোবাসার যে তীব্রতা প্রকাশ করেছে তা কোনওভাবেই অগ্রাহ্য করতে পারছি না। হয়তো রুমার নারীমন দুর্বল। সেটাও তো হতে পারে। সর্বোপরি বলতে পারি, প্রকাশভঙ্গির আচরণেই পুরুষ প্রায়শই নারীমনের সরল বা জটিল গতিপ্রকৃতির সঙ্গে তাল মেলাতে হিমসিম খায় এবং খাচ্ছে।
এবার আপনার দাম্পত্য জীবনের কথার উত্তরে আমি এটাই বলব, দাম্পত্য জীবনে স্পর্শ বা ছোঁয়া সবচেয়ে শক্তিশালী এবং নীরব ভাষা। কোনও কোনও সময় দেখা যায় একটি উষ্ণ আলিঙ্গন দুটো জীবনকে এক করতে নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে, তখন মানসিক সুস্থতা ও সম্পর্কের বাঁধন শক্ত হয় বলে আমার ধারণা।

শেষ প্রশ্ন, গল্পকার, পাঠক দুই হিসেবেই ত্রিপুরার ছোটগল্প কি কলকাতায়, পশ্চিমবঙ্গে উপেক্ষিত থেকে গেল বলে মনে করেন? সেইভাবে প্রচার হল না, সমাদৃত হল না। নাকি একপ্রকার রাজনীতির শিকার হল ত্রিপুরার সাহিত্য— কলকাতায়, পশ্চিমবঙ্গে? কতটা অসহায় বোধ করেন?
আপনি খুবই সংবেদনশীল এবং অতি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নটি যদিও বাস্তবসম্মত এবং ত্রিপুরার সাহিত্যের একেবারেই মনের কথা।
আমার মনে হয়, অতীতের কথা যদি বলি তবে ভৌগোলিক দূরত্ব আর তারসঙ্গে যোগাযোগের মাধ্যমকে অস্বীকার করতে পারব না। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যখন শুনি ত্রিপুরার একজন শক্তিশালী লেখকের সৃষ্টি শুধুমাত্র দূরত্বের কারণে কলকাতার পাঠকের হাতে পৌঁছাতে পারল না অথবা তাঁকে জানতে বা বুঝতে পারল না তখন কিন্তু খুব খারাপ লাগে। কারণ এখন ডিজিটাল মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা সহজতর এবং উন্নত হয়ে উঠেছে। কলকাতায় যে সাহিত্য-বলয় আছে, সেখানে প্রকাশনা বা লিটলম্যাগগুলো অনেক সময়েই সাহিত্যকে মূল স্রোতের সম্পদ হিসেবে ভাবতে পারে না। আর ত্রিপুরার ছোটগল্প কলকাতার স্বীকৃতির জন্য জন্ম দেওয়া হয় না।
আমার দৃঢ় বিশ্বাস, প্রচার সাময়িক কিন্তু ভালো সাহিত্যের জন্মের আয়ু দীর্ঘ থেকে দীর্ঘতর। ত্রিপুরার ছোটগল্প তার নিজস্ব গুণেই আমাদের পরিচয় বহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *