বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬

মেট্রোয় ট্রেন চালানো থেকে ট্র্যাক দেখভালের গোটাটাই সামলাচ্ছেন মহিলারা

 মেট্রোয় ট্রেন চালানো থেকে ট্র্যাক দেখভালের গোটাটাই সামলাচ্ছেন মহিলারা

পুণে: যানজটের বাণিজ্যনগরীতে অফিস পৌঁছনোই যেন রোজকার যুদ্ধ! রাস্তায় গাড়ির লম্বা লাইন, বাসের ভিড় আর ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা। পুণের মানুষের কাছে এমন ছবি বেশ চেনা। তবে শহরের যাতায়াতের সেই চেনা ছবিটা বদলাতে এবার হাজির নতুন মেট্রো। আর মুম্বই মেট্রোর সবচেয়ে বড় চমক, চালকের আসন থেকে শুরু করে গোটা পরিষেবা পরিচালনা—সব দায়িত্বই সামলাচ্ছেন মহিলারা।
২৩ কিলোমিটার দীর্ঘ পুণে মেট্রোর ‘পিঙ্ক লাইন’ তাই শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, নারীশক্তিরও এক অন্য নজির। চলতি সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুণে মেট্রোর এই নতুন লাইনের উদ্বোধন করেন। ‘মেট্রো লাইন-৩’ নামেও পরিচিত এই রুটটি তৈরি হয়েছে হিঞ্জেওয়াড়ির আইটি হাব থেকে শিবাজিনগর পর্যন্ত। মূলত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীদের যাতায়াত আরও সহজ করতেই এই উদ্যোগ। প্রতিদিনের যানজট এড়িয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।
এই মেট্রো সম্পূর্ণ উড়ালপথে তৈরি। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ চালকের আসনে মহিলাদের ভূমিকা। শুধু ট্রেন চালানোই নয়, গোটা পরিষেবা পরিচালনার দায়িত্বও রয়েছে মহিলাদের হাতে। গণপরিবহণের মতো ক্ষেত্রে মহিলাদের কর্মসংস্থান এবং অংশগ্রহণ বাড়ানোর দিক থেকে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পরিবেশের দিক থেকেও বিশেষ নজর রয়েছে এই মেট্রো প্রকল্পে। পিঙ্ক লাইনের পরিষেবা চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ৩০ শতাংশ আসবে সৌরশক্তি থেকে। ফলে একদিকে যেমন ব্যক্তিগত গাড়ির ব্যবহার ও রাস্তায় যানবাহনের চাপ কমানোর লক্ষ্য রয়েছে, তেমনই দূষণ নিয়ন্ত্রণেও সাহায্য করবে এই পরিষেবা।
সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে এই মেট্রোর বিশেষত্ব সামনে আসতেই তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে, গণপরিবহণে মহিলাদের এমন দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। কেউ কেউ আবার নাগপুর ও বেঙ্গালুরু মেট্রোর উদাহরণ টেনে বলেছেন, সেখানেও বহু মহিলা চালক হিসাবে কাজ করছেন।
পিঙ্ক লাইনে সর্বনিম্ন ভাড়া ১২ টাকা। ১৮ কিলোমিটারের বেশি যাত্রা করলে ভাড়া দিতে হবে ৬২ টাকা। পুণের বর্তমান মেট্রো নেটওয়ার্কে সর্বোচ্চ ভাড়া ৩৫ টাকা হওয়ায় নতুন লাইনের ভাড়া তুলনামূলকভাবে বেশি।
এর পাশাপাশি পুণে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের প্রকল্পেরও শিলান্যাস হয়েছে। এই পর্যায়ে ২এ, ২-বি, ৪ এবং ৪-এ লাইন তৈরির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করার পথে এগোচ্ছে পুণে।
তবে নতুন এই মেট্রোর সবচেয়ে বড় পরিচয় হয়ে থাকছে একটাই—এখানে শুধু ট্রেন ছুটছে না, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে মহিলাদের নেতৃত্বও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *