ইডি-সিবিআই মামলা থাকলে ‘ওয়ার্কিং রিলেশন’ রাখতে পারব না, শিল্পনীতি ঘোষণার মঞ্চে মন্তব্য মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৫ নভেম্বর- বৃহস্পতিবার রাজ্যের নয়া শিল্পনীতি ঘোষণার অনুষ্ঠানে তিনি জানান, যাদের বিরুদ্ধে ইডি বা সিবিআইয়ের মামলা রয়েছে কিংবা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা আত্মসাৎ ও ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজের সম্পর্ক থাকবে না। শুভেন্দুর বক্তব্য, ব্যক্তিগত সৌজন্য এবং প্রশাসনিক সম্পর্ক এক বিষয় নয়। তাঁর কথায়, “সামনাসামনি দেখা হলে নমস্কার, হ্যালো বলব। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে ওয়ার্কিং রিলেশন রাখা সম্ভব নয়।” তৃণমূল জমানায় ছিল ‘বেঙ্গল মিনস বিজনেস’। বাংলার বাণিজ্যের বহুল প্রচলিত স্লোগানকে অতীত করে এবার বাংলার শিল্পোন্নয়নে নতুন স্লোগান সামনে আনল বর্তমান বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের মূল স্লোগান, ‘ইনভেস্ট ইন বেঙ্গল, গ্রো উইথ বেঙ্গল’।” সিঙ্গুর নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব। অশোক লে-ল্যান্ডের সঙ্গে আমার প্রাথমিক স্তরের কথা হয়েছে। তবে আমরা আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কেবল মউ স্বাক্ষর করেই দায় সারব না, তাই এখনই বিস্তারিত কিছু বলছি না।’