ঋত শিবির ছেড়ে কী ফের মমতা শিবিরে কাজল শেখ!
কলকাতা, ২৮ অক্টোবর– তৃণমূলের প্রতীক ও নাম কার দখল যাবে তা নিয়ে দুই শিবিরের দড়ি টানাটানি অব্যাহত। তবে এরই মধ্যে এবার কী বিদ্রোহের সুর ঋতব্রত শিবিরে? মমতা শিবিরে এবার যোগ দিতে চলেছেন হাসনের বিধায়ক কাজল শেখ? পুজোর পর আজ, বিধানসভায় মমতা তৃণমূলের বিজয়া সম্মিলনী ছিল। সেখানেই উপস্থিত শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত থেকে মিষ্টি খান কাজল। আর এরপরেই শুরু হয়েছে জল্পনা, খুব শীঘ্রই কালীঘাটে ‘ঘর-ওয়াপসি’ হতে চলেছে বিধায়কের! তবে সবটাই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে উড়িয়ে দিয়েছেন কাজল। যদিও তিনি ফিরতে চাইলে স্বাগত বলেই জানিয়েছেন শোভনদেব।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর কিছুদিনের মধ্যেই তৃণমূল শিবিরে ভাঙণ দেখা দেয়। মমতার হাত ছেড়ে ঋত তৃণমূলে যোগ দেন ৬৪ জন বিধায়ক। সেই তালিকায় ছিলেন হাসনের বিধায়ক কাজল শেখও। কিন্তু পরবর্তী সময়ে অনুব্রত মণ্ডলও ঋত শিবিরে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকেই দুজনের সংঘাত কারোর অজানা নয়। কেষ্ট-কাজলের সংঘাতে একাধিক সময় দলের শীর্ষ নেতৃত্বকে অস্বস্তিতে পড়তে হয়। বাংলায় রাজনৈতিকবদল হওয়ার পর শিবির বদল করেও কার্যত কোনঠাসা হয়ে পড়েন কাজল। এবার কী তবে ফের মমতার শিবিরে ফিরতে চলেছেন কাজল। সেই প্রশ্নই সামনে এসেছে।