বুধবার | ২৮ অক্টোবর ২০২৬

ঘোষণা হতে চলেছে নয়া শিল্পনীতি, মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন

 ঘোষণা হতে চলেছে নয়া শিল্পনীতি, মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন

কলকাতা, ২৮ অক্টোবর- বুধবার রাজ্য মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেল পশ্চিমবঙ্গের বহুপ্রতীক্ষিত নতুন শিল্পনীতি। রাজ্যে বড় বিনিয়োগ টানতে তৎপর হয়েছে বাংলার নতুন সরকার। আর বিনিয়োগ টানতে নতুন শিল্পনীতি আনার কথাও বলা হয়। দুর্গাপুজোর আগেই এই নতুন নীতি আনার কথা থাকলেও প্রক্রিয়াগত কিছু দিক সম্পন্ন না হওয়ায় তা ঘোষণা করা হয়নি। আগামী ৫ নভেম্বর নবান্ন সভাঘর থেকে এই শিল্পনীতির কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে বৃহৎ শিল্প সংস্থা ও নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ইনসেনটিভ, দ্রুত অনুমতির জন্য কার্যকর ‘সিঙ্গল উইন্ডো নীতি’ এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, একশো একর বা তার বেশি জমিতে শিল্প করতে চাইলে তাদের শিল্পের অনুমতির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে সিঙ্গল উইন্ডো সিস্টেম বা এক জানালা পদ্ধতির মাধ্যমে অনুমতি দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া শিল্পের জন্য যাঁদের জমি দেওয়া হবে সেই জমিতে তিন বছরের মধ্যে উৎপাদন প্রক্রিয়া শুরু করতেই হবে। অন্যথায় জমি ফিরিয়ে নেওয়ার মত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শিল্পনীতিতে এই ধরনের কিছু শর্ত থাকার সম্ভাবনা।

বদল হল রাজ্যের চর্চিত ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম। নতুন নাম হল ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মাননিধি’। ৫ নভেম্বর পুরশুরা থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির রাজ্যের অংশের ২ হাজার টাকা করে প্রদান করা হবে প্রায় ৪৮ লক্ষ কৃষককে। ৫ নভেম্বরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী। বাকিরা জেলা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন। পাশাপাশি, যে সমস্ত দপ্তর ইতিমধ্যে বাজেট বরাদ্দের ৩৫ শতাংশ টাকা খরচ করেছে, তাদের পরবর্তী অংশের অর্থ বরাদ্দের জন্য অর্থ দপ্তরকে দেওয়া হয়েছে। ১১ থেকে ১৮ নভেম্বর রাজ্যে পালিত হবে জনজাতি গৌরব দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *