শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬

মহাষষ্ঠীতে মন্ডপে মন্ডপে ভিড়, যাত্রীর চাপ বাড়ছে মেট্রোয়

 মহাষষ্ঠীতে মন্ডপে মন্ডপে ভিড়, যাত্রীর চাপ বাড়ছে মেট্রোয়

কলকাতা, ১৬ অক্টোবর- মহাপঞ্চমীর সকাল থেকেই তিলোত্তমা কলকাতার মন্ডপে মন্ডপে ভিড় উপচে পড়েছিল। তিল ধারণের জায়গা ছিল না মেট্রোতে। আর মহাষষ্ঠীর দিনেও সেই ছবির সেরকম কোনো পরিবর্তন হলো না। বরং ভিড় আরও বাড়ল কলকাতার নানা প্রান্তে। মেট্রো স্টেশনে ক্রমশ বাড়ছে ভিড়। একই পরিস্থিতি লোকাল ট্রেনেরও। সব মিলিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে নাভিশ্বাস উঠছে। প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষের ভূমিকাও।

            শহর কলকাতায় দুর্গাপুজোর সময়ে প্যান্ডেল হপিং নতুন কোনও ঘটনা নয়। আবহাওয়া মোটের ওপর ভাল থাকার কারণে পঞ্চমী থেকেই ভিড় বেড়েছে মন্ডপে মন্ডপে। বিভিন্ন পুজোর উদ্বোধন না হলেও বাইরে থেকে মন্ডপ দেখেছেন দর্শনার্থীরা। পঞ্চমীর রাতে চাঁদনি চক, এসপ্ল্যানেড-সহ একাধিক মেট্রোয় কার্যত জনপ্লাবন দেখা যায়। বিকেল থেকেই একেবারে ভিড়ে ঠাসা মেট্রো। তারপর একাধিক মেট্রো বাতিল হওয়ায় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। কোনওক্রমে সকলেই মেট্রোয় উঠে পড়ার চেষ্টা করেন। তাতে দেখা যায়, দরজা বন্ধ হচ্ছে না। কোথাও কোথাও যাত্রীদের টেনে নামান পুলিশ কর্মীরা। সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি ছিল পঞ্চমীতে।

            ষষ্ঠীতে সেই ভিড় আরও বেড়েছে। এদিন সকাল থেকেই কলকাতার পুজোগুলো ঘুরে দেখতে বেরিয়ে পড়েছেন সকলে। ফলে বেলা যত গড়িয়েছে তত বেড়েছে ট্রেন, বাস, মেট্রোয় ভিড়। মেট্রোর তরফে বারবার একই গাড়িতে যাত্রীদের উঠতে বারণ করলেও লাভের লাভ হয়নি। সকলেরই গন্তব্যে পৌঁছনোর তাড়া। কারণ, যাত্রাপথে সময় বাঁচলে প্রতিমা দর্শনে বাড়তি সময় মিলবে। শিয়ালদহগামী লোকাল ট্রেনের ছবিটাও কার্যত একই। পরিস্থিতির দিকে তাকিয়ে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সপ্তমীতে ভিড় সামাল কতটা দেওয়া যায় সেটাই এবার দেখার।           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *