আগামী বছর থেকেই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৯ অক্টোবর– দীর্ঘদিন ধরে না হওয়া ছাত্র সংসদ নির্বাচন ফেরানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে সংঘ পরিবারের ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’-এর ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন, বিগত তৃণমূল জামানায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র ভোট এ বার ফের চালু করতে চলেছে রাজ্য সরকার।
সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে এই বিষয়ে তাঁর ইতিমধ্যেই ইতিবাচক আলোচনা হয়েছে। নিজের রাজনৈতিক জীবনের গোড়ার কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, ‘‘আমরা সকলেই ছাত্র রাজনীতির ফসল। ক্লাসের ফাঁকে বন্ধুদের মাঝে দাঁড়িয়ে বক্তৃতা করতে করতেই আজ এই জায়গায় এসে পৌঁছেছি।’’ নির্বাচনের বার্তার পাশাপাশি এ দিনের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং তথাকথিত ‘বাম-নকশাল’ শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। যাদবপুরকে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ উল্লেখ করে তিনি দাবি করেন, মোদী সরকার এই বিশ্ববিদ্যালয়কে এক হাজার কোটি টাকার অর্থসাহায্য প্রদান করছে। অথচ সেই ক্যাম্পাসে দাঁড়িয়েই ‘আজাদি’ কিংবা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’-র মতো বিচ্ছিন্নতাবাদী স্লোগান তোলা হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত নবম ‘মেডিভিশন ন্যাশনাল কনভেনশন’-এর মঞ্চ থেকে আরজি কর নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সরাসরি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে প্রমাণ লোপাট ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। এই ক্ষোভ ও অভিযোগ প্রকাশ্য মঞ্চে শোনার পরেই তৎক্ষণাৎ পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানান, অভিযোগ খতিয়ে দেখার পর তা সত্যি প্রমাণিত হলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।