খাম প্রতীক জটিলতায় এবার আদালতের প্রশ্নের মুখে কমিশন
কলকাতা, ২৪ সেপ্টেম্বর- ‘খাম’ প্রতীক নিয়েও বঙ্গ রাজনীতিতে চাপানউতোর তুঙ্গে উঠেছে। নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে এই প্রতীকটি দিয়েছে ঋতব্রত শিবিরকে। অথচ এই প্রতীকটি বরাবর আইএসএফের। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আর এই মামলায় কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। কমিশনের উদ্দেশ্যে আদালতের প্রশ্ন, ‘এমন সিদ্ধান্ত কেন গ্রহণ করেন যাতে বিতর্ক হয়।’
আদালতের পর্যবেক্ষণ, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মাত্র কয়েক মাস আগেই অন্য একটি রাজনৈতিক দল প্রতীক ব্যবহার করেছিল। মোট ১৮৩টি প্রতীক রয়েছে। কেন একটি প্রতীককেই বেছে নেওয়া হল? মাত্র একটি প্রতীকই কি পাওয়া যাচ্ছিল? আরও বহু প্রতীক ছিল। বিতর্কিত প্রতীকটি এড়িয়ে যাওয়া যেত। কেন আগে শুনানি না করে প্রতীক বরাদ্দের বিজ্ঞপ্তি জারি করা হল, সে প্রশ্নও তোলে হাই কোর্ট। আদালতের প্রশ্ন, “আগের ব্যবহারকারীকে কেন অগ্রাধিকার দেওয়া হল না।”