বাংলার অভিশাপ লেগেছে, নির্বাচন কমিশনকে কটাক্ষ অভিষেকের
কলকাতা, ২৩ সেপ্টেম্বর– চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেই নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে তিনি বলেছেন, ‘এটা স্পষ্ট, বাংলার অভিশাপ লেগে গেছে। গায়ের জোরে তারা বাংলা দখল করতে এসেছিল। সারা ভারতবর্ষে আজকে বিজেপির পরিস্থিতি খুব করুণ এবং আগামী দিনে আরও খারাপ হবে।’
ভোটার তালিকায় নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, নতুন ভোটারের ফর্ম বদল, ভোটার-তথ্যের নিয়ন্ত্রণ, এমনকী পশ্চিমবঙ্গে ভোটারের নাম পুনর্বহাল নিয়ে আপিল – সব নিয়েই কমিশনের সদস্যের মধ্যে মতবিরোধ হয় বলে খবর প্রকাশ্যে এসেছে। সেই নিয়েই অভিষেকের তোপ, ‘যাদেরকে সাংবিধানিক পদগুলিতে বসিয়ে এই প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপির নেতা-মন্ত্রীরা নেমেছিল, আগামী দিন তাদেরকে সকলকে শ্রীঘরে থাকতে হবে।’ অভিষেকের মন্তব্য, ‘যদি প্রধানমন্ত্রীর পছন্দের, মনোনীত লোক ওই পদে বসে, তাহলে তিনি তো প্রধানমন্ত্রী আর বিজেপি নেতার জন্যই কাজ করবে, এটা স্পষ্ট। সুতরাং আজকে দ্য ক্যাট ইজ আউট অফ দা ব্যাগ।’
এসআইআর-এর প্রসঙ্গ তুলে অভিষেকের তোপ, ‘যারা ভোট দিতে পারেনি, যারা লাইনে দাঁড়িয়ে মারা গেছেন, যাদের লম্বা লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল ফর্ম ফিলাপের নাম করে, তাদের অভিশাপ লেগেছে। এটা বৃথা যাবে না।’ সাংসদের হুঁশিয়ারি, ‘কেউ বাঁচবেন না। কেউ যদি ভেবে থাকেন যে, যা ইচ্ছা তাই করবেন, জগৎটাকে নিজের মতো নাচাবেন আর যেখানে যেখানে পছন্দমতো লোক বসাবেন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশন সব তাদের হয়ে কাজ করবে, তা হবে না।’