জার্মানির বার্লিনে ভোটে জয়ী অতিবামপন্থীরা, কোণঠাসা মার্জের দল
বার্লিন, ২১ সেপ্টেম্বর : আঞ্চলিক নির্বাচনে জার্মানিতে ক্রমেই যেন কোণঠাসা হয়ে পড়ছে চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের রক্ষণশীল দল ‘ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন’ (সিডিইউ)। সোমবার আরও দুই প্রদেশের ভোটের ফলাফল প্রকাশ্যে এসেছে। একটিতে জিতেছে অতিদক্ষিণপন্থী দল। অন্যটিতে অতিবামপন্থী শিবির। পর পর এই ধাক্কায় নির্বাচনী ফলাফলকে ‘বিপর্যয়’ বলে মেনে নিয়েছেন জার্মানির রাষ্ট্রপ্রধান মার্জ।
আজকের এই দুই প্রদেশ মিলিয়ে মোট তিনটি প্রদেশে ফলাফল প্রকাশ্যে এসেছে। দু’সপ্তাহ আগে পূর্বাঞ্চলীয় প্রদেশ স্যাক্সনি-আনহাল্টের ভোটের ফল প্রকাশ্যে আসে। সেখানে অতিদক্ষিণপন্থী অভিবাসনবিরোধী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) ৪৩.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়। মার্জ়ের রক্ষণশীল দল পায় মাত্র ১৭.২ শতাংশ ভোট। ওই ধাক্কা সামাল দিতে না দিতেই সোমবার ফের জোড়া ধাক্কা খেল সিডিইউ।
বার্লিনের ভোটে অতিবামপন্থীরা পেয়েছে ২৫.৩ শতাংশ ভোট। মার্জের রক্ষণশীল দল ১৯ শতাংশ, অতিদক্ষিণপন্থীরা ১৬ শতাংশ ভোট পেয়েছে। বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) পেয়েছে ১২.১ শতাংশ ভোট। গণনা এখনও শেষ না হলেও বার্লিনে অতিবামপন্থীদের জয় নিশ্চিত। গণনার ফলাফল কোন দিকে যেতে চলেছে, তা স্পষ্ট হতেই অতিবামপন্থী শিবিরের প্রার্থী এলিফ এরাল্প বিজয়ধ্বনি দিয়ে দিয়েছেন। বলেছেন, ‘আজ থেকে আমরা সকলে মিলে বার্লিনকে বদলে দেব।’ এই ফলাফলকে বিপর্যয় বলে আখ্যা দিলেও চ্যান্সেলর মার্জের বার্তা, ‘সংস্কার করতেই হবে। আমি এই দায়িত্ব নিচ্ছি। কারণ আমাদের দেশকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই।’