ফলতায় সেবাশ্রয়ের নির্মাণ দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিল আদালত
কলকাতা, ২ সেপ্টেম্বর– সেবাশ্রয় নিয়ে এবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের জোড়া নির্মাণ নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলায় কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় খেলার মাঠ দখল করে অবৈধভাবে মেডিক্যাল কলেজের মতো বিশাল পরিকাঠামো গড়ে তোলার অভিযোগে মারাত্মক ক্ষোভ প্রকাশ করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সেবাশ্রয়ের এই নির্মাণ দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পূর্বে এই মাঠে স্কুলের খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান হলেও বর্তমানে বেআইনি নির্মাণের ফলে সাধারণ মানুষ মাঠ ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই নির্মাণের বিরুদ্ধে আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ফলতার এক স্থানীয় বাসিন্দা। মামলার শুনানিকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করে প্রশ্ন তোলে, ‘পুলিশকে ডেকে এনে আমাদের বলতে হবে? না কি রাজ্য নিজেই পুলিশ পাঠিয় ওই অবৈধ সেবাশ্রয় ভাঙার নির্দেশ দেবে?’ আদালতের পর্যবেক্ষণ, সেবাশ্রয়ের নামে কার্যত একটি পুরো মেডিক্যাল কলেজের মতো বিশাল স্ট্রাকচার খাড়া করা হয়েছে।
উভয় পক্ষের সওয়াল-জবাব এবং পরিস্থিতি বিবেচনা করে হাইকোর্ট জানিয়েছে, আগামী সপ্তাহে ফের এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে। এই মামলায় দাবি করা হয়েছে, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের নামে আসলে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে এবং সেখানে জড়িয়ে রয়েছে বড়সড় দুর্নীতির ছক। দাবি, যোগ্য অ্যালোপ্যাথি ডাক্তার ছাড়াই হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে জোরকদমে চালানো হয় মডার্ন বা আধুনিক চিকিৎসা।