বুধবার | ২৬ আগস্ট ২০২৬

গোটা বিশ্বজুড়ে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখল আমেরিকা

 গোটা বিশ্বজুড়ে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখল আমেরিকা

ওয়াশিংটন, ২৬ আগস্ট : গোটা বিশ্বের নানা প্রান্তের ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাস এবং উপ দূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখার নির্দেশ জারি করল ট্রাম্প প্রশাসন। সে দেশের বিদেশ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আমেরিকায় যাওয়ার জন্য ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে হবে। সব দেশের জন্যই এই নির্দেশিকা প্রযোজ্য। তবে কেন এই নির্দেশ জারি করা হলো সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে।

            মার্কিন বিদেশ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, ভিসা যাচাইয়ের কাজে যুক্ত আধিকারিকদের জন্য বিশ্বব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। সেই কর্মসূচি যত দিন চলবে, তত দিন ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত থাকবে। মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, এই প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারভিউয়ের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। কবে থেকে আবার এই ভিসা ইন্টারভিউ চালু করা হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি।

            মার্কিন বিদেশ দপ্তরের এক মুখপাত্রের মন্তব্য, ‘প্রতিটি ভিসা আবেদনের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন নিশ্চিত করতে চায় মার্কিন প্রশাসন।’ ভিসা যাচাইয়ের সময় অবশ্যই বুঝে নিতে হবে, আবেদনকারীর আমেরিকায় যাওয়ার নেপথ্যে কী স্বার্থ রয়েছে! সরকারের বোঝা বা আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ার প্রবণতা বুঝতে পারলে সেই ভিসা বাতিল করা হবে। মার্কিন দূতাবাস বা উপদূতাবাসের তরফে ইতিমধ্যেই ভিসা আবেদনকারীদের ইমেল পাঠিয়ে ইন্টারভিউ স্থগিতের বিষয়টি জানানো হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *