‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আঁটোসাঁটো করতে মেগা বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজ্যের চার হেল্পলাইন নিয়ে বৈঠকে অমিত শাহ। (ছবি- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক্স হ্যান্ডেলের সৌজন্যে)
কলকাতা, ২২ আগস্ট- শনিবার শিলিগুড়িতে চিকেনস নেকের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এসএসবি, বিএসএফের আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশ উচ্চপর্যায়ের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিরাপত্তা নিয়ে বার্তা দেওয়া হয়। অনুপ্রবেশ যাতে কোনওভাবে না হতে পারে, সেই নির্দেশ শাহ দিয়েছেন। সশস্ত্র সীমা বল (এসএসবি) সীমান্তের সুরক্ষায় নজরদারি চালায়। সেই নজরদারি যাতে আরও নিখুঁত চলে, সেই বার্তা দেওয়া হয়েছে। নতুন রাজ্য সরকার ক্ষমতায় এসে মাত্র ৪৫ দিনের প্রশাসনিক তৎপরতায় বাহিনীর হাতে ১,১২৯ একর জমি হস্তান্তর হয়েছে। আরও ২৯ একর জমির অনুমোদন দ্রুত প্রক্রিয়াধীন রয়েছে। ফলে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ যাতে দ্রুত শেষ হয়, সেই বার্তা আরও একবার দেওয়া হয়েছে।
‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডরে’র নিশ্ছিদ্র নিরাপত্তার ওপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে অনেকদিন ধরেই। কোনওভাবে যেন অনুপ্রবেশ না ঘটে সেজন্য বসবে অত্যাধুনিক ত্রিস্তরীয় ফেন্সিং অর্থাৎ স্মার্ট কাঁটাতারের বেড়া। রাজ্যে ১০টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির কথাও ঘোষণা সম্প্রতি ঘোষণা করা হয়েছে।