বৃহস্পতিবার | ২০ আগস্ট ২০২৬

নিউমার্কেট এলাকার ১৩ টি হাউস রেস্তোরাঁকে শো-কজ নোটিস

 নিউমার্কেট এলাকার ১৩ টি হাউস রেস্তোরাঁকে শো-কজ নোটিস

কলকাতা, ২০ আগস্ট– নিউমার্কেটের অগ্নিকান্ডের ঘটনার পরে এবার কড়া পদক্ষেপ নিল দমকল দপ্তর। মির্জা গালিব স্ট্রিটের মোট ৯টি গেস্ট হাউস ও চারটি রেস্তরাঁ কাম পানশালাকে শোকজ নোটিস পাঠানো হল। চব্বিশ ঘণ্টার মধ্যেই তাদের শোকজের জবাব দিতে হবে। সেই জবাব সন্তোষজনক না হলে বন্ধ করে দেওয়া হতে পারে। আবার, বুধবারের অগ্নিকাণ্ডে মৃতদের ২ জনের দেহ আজ শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃত মহিলা ও পুরুষ বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গিয়েছে।

            সূত্রের খবর, ৩৭ এ অর্থাৎ দমকল আইনের নির্দিষ্ট ধারায় ওই ৯ টি গেস্ট হাউস ও চারটি রেস্তরাঁকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। তাতে মূলত জানতে চাওয়া হয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে। কোথাকার অগ্নিনির্বাপণ সুরক্ষা কেমন, তা বিশদে জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। তা সন্তোষজনক না মনে হলে দমকল বিভাগ হোটেল ও রেস্তরাঁগুলি তৎক্ষণাৎ বন্ধ করে দিতে পারে বলে সূত্রের খবর। বুধবার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে এত বড় অগ্নিকাণ্ডের পর দেখা গিয়েছে, আগুন থেকে বাঁচতে কোনও ব্যবস্থাই কার্যত ছিল না সেখানে। এমনকী গেস্ট হাউসটির পিছনে ‘এমারজেন্সি এক্সিট’ও বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচিল তুলে।

            নিউমার্কেটের ওই ঘটনার তদন্তে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে। শিখা ইন নামের ওই হোটেলের তিনতলার রিসেপশনে ছিল এসির তার বা পোর্ট। এসি যেখানে ছিল, সেই জায়গার কিছু অংশ ফুলে গিয়েছিল। সেখান থেকেই আগুন লাগে। ফাটতে থাকে অন্যান্য তার। এসি থেকে আগুনের সঙ্গে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে। সেই বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান ৯ আবাসিক। ঘরগুলি ধোঁয়ায় ভরে যেতেই নিজেদের প্রাণ বাঁচাতে পারেননি আবাসিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *