দুবাইয়ের শিল্পাঞ্চলে হঠাৎ বিষ্ফোরণ, নিছক দুর্ঘটনা নাকি হামলা!
দুবাই, ৫ আগস্ট : এবার দুবাইয়ের শিল্পাঞ্চলের বিষ্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। হঠাৎ করেই দেখা যায় আগুনের গোলা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম মেহর দাবি করেছে, ২০ মিনিটের মধ্যে পর পর সাতটি বিস্ফোরণ হয়েছে শিল্পাঞ্চলে।
সেই প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের ঘটনার মুহূর্তের ছবি তোলা এবং ভিডিয়ো করার জন্য দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট হয়নি। কোনও সামরিক হামলা কি না, তা-ও স্পষ্ট নয়। তবে ইরাকের সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়েছে, ইয়েমেন থেকে দুবাইয়ের শিল্পাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের তরফে হামলার বিষয়টি সুনিশ্চিত করা হয়নি।
ইরান আর আমেরিকার মধ্যে যে অস্থিরতা চলছে তাতে গোটা পশ্চিম এশিয়াতেই অস্বস্তি তৈরি হয়েছে। তার মধ্যেই দুবাইতে এই বিষ্ফোরণে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। নাসার থার্মাল ইমেজারি-র রিপোর্টকে উদ্ধৃত করে ইরানের সাংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, সমুদ্রবন্দর সংলগ্ন বেশ কয়েকটি গুদামে আগুন ধরে যায়। এই গুদামগুলিতে জ্বালানি সঞ্চয় করে রাখা হত। তবে এই বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুবাইয়ের সিটি সেন্টারের দক্ষিণ-পশ্চিমে ৪০ কিলোমিটার দূরে রয়েছে জেবেল আলি। আমিরশাহির অন্যতম গুরুত্বপূর্ণ ‘শপিং হাব’ এটি। এ ছাড়াও এখানে রয়েছে পাম জেবেল আলি।