সিলেবাসে বদল আসছে, ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর
কলকাতা, ৩০ জুলাই– জাতীয় শিক্ষানীতি মেনে বিদ্যালয়ের সিলেবাসে এবার বড়সড় বদল আসছে বলেই স্পষ্ট করে দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অর্থাৎ পড়াশোনা শেষে পড়ুয়াদের স্বনির্ভরমুখী সিলেবাসে জোর দেওয়া হবে। তা মন্ত্রীর কথা থেকে স্পষ্ট। তবে কোন অধ্যায় বাদ পড়বে, কোন অধ্যায় সংযোজিত হবে, সে সম্পর্কিত তথ্য তিনি সিলেবাস কমিটির উপরই ছেড়েছেন।
বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মন্ত্রী দীপক বর্মন। তিনি বলেন, ‘তদিন এ রাজ্যে জাতীয় শিক্ষানীতি লাগু করা হয়নি। আমরা তা লাগু করব। কিন্তু তার জন্য কিছুটা সময় লাগবে। আপাতত স্কুলের সিলেবাসে পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র পরিমার্জন করা হচ্ছে। ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকে সব আমূল বদলে যাবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচি থেকে বই – সব বদলে যাবে। তারই প্রস্তুতি চলছে।’
পাশাপাশি বৃহস্পতিবার স্কুল শিক্ষামন্ত্রী জানালেন, স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিফর্মের রং যা খুশি হতেই পারে। নীল-সাদাতেও আপত্তি নেই। তবে ‘বিশ্ববাংলা’র লোগো কোথাও ব্যবহার করা যাবে না। এনিয়ে দীপক বর্মনের ব্যাখ্যা, স্কুল ইউনিফর্ম বাছাইয়ের নেপথ্যে আসলে কোনও কোনও স্কুলের আবেগ ও ইতিহাস জড়িত থাকে। তাই তার রং নির্বাচন করাও স্কুল কর্তৃপক্ষের স্বাধীনতা। তা নীল-সাদা হলেও আপত্তি নেই। কিন্তু ‘বিশ্ববাংলা’র লোগো থাকা চলবে না।