মিড ডে মিলে দেওয়া হবে ডিম, ঘোষণা শুভেন্দুর
কলকাতা, ২৯ জুলাই- মিড ডে মিল থেকে ডিম বাদ পড়ছে না, আজ নবান্ন সভাঘর থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাম্প্রতিককালে মিড ডে মিল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বাংলায় পালাবদলের পরে কলকাতার সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্পের দায়িত্ব ইসকনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সেসময় বলা হয়েছিল, স্কুলগুলিতে কেবল পুষ্টিকর নিরামিষ খাবার বিতরণ করা হবে। ডিম আর থাকবে না। বুধবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু জানান, আলাদা করে মিড-ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। ১ অগস্ট থেকেই তা কার্যকর হবে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই ডিম দেওয়ার ব্যবস্থা করবে সরকার। মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘মিড-ডে মিলের জন্য হাই স্কুল, উচ্চ-প্রাথমিক স্কুলগুলিতে ১০ টাকা এবং প্রাথমিকে ৬.৭৮ টাকা করে বরাদ্দ ছিল। প্রাথমিকে সেটা আমরা বাড়িয়ে ১০ টাকা করেছি। তা ছাড়া, ১ অগস্ট থেকে পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতার একটা বড় অংশে ইসকনের দ্বারা মিড-ডে মিল দেওয়া হবে। সাত্ত্বিক, শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার দেবে ইসকন। তার বাইরে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আমরা আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করছি।’
আগে নিরামিষ খাবার দেওয়ার কথা বলা হলে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই বলেছিলেন, স্কুলে বিতরণ করা খাবারে ডিম থাকলে শিশুদের মুখে হাসি ফোটে। অনেকে শুধু ডিমের ভরসাতেই স্কুলে যায়। তাই ডিম পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত হবে না। এবার সেই ডিম দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যাতে প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দেওয়া যায়, সেই ব্যবস্থাই করা হল।’