অশান্ত কাশ্মীরের অনন্তনাগ, জঙ্গিদের গুলিতে নিহত এক পুলিশ কনস্টেবল
অনন্তনাগ, কাশ্মীর, ২২ জুলাই : জম্মু-কাশ্মীরে পুলিশ বাহিনীর ওপর হামলা জঙ্গিদের। লাগাতার গোলাগুলির ঘটনায় নিহত হলেন এক পুলিশ কনস্টেবল। অনন্তনাগের লালচকে এই হামলার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১২টা নাগাদ লালচকে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। আচমকাই সেই দলের উপর এলোপাথারি গুলি চলে। পুলিশকর্তাদের মতে, সন্দেহভাজন সন্ত্রাসীরা জঙ্গলের আড়াল থেকে গুলি চালায়। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় পুলিশ। তবে জঙ্গিদের ছোড়া গুলি লাগে পুলিশ কনস্টেবলের গায়ে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাকে অনন্তনাগ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। তবে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
বিগত কয়েকমাসে বারবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। জঙ্গি বা অনুপ্রবেশকারীদের উপস্থিতি লক্ষ করে জবাব দিয়েছে ভারতীয় সেনা। বেশির ভাগ ক্ষেত্রেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেনার দাবি, কঠোর নজরদারির জেরেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার ফের সেই জঙ্গিদের হামলার মুখে পড়ল পুলিশ।