আমতলায় ভাঙা হলো কার্যালয়, তীব্র আক্রমণ অভিষেকের
কলকাতা, ১৮ জুলাই- শনিবার অবৈধ নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় ভেঙে ফেলল প্রশাসন। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই কার্যালয় ভাঙার পরেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আর নিজের কার্যালয় ভাঙার খবরে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সরাসরি প্রশাসন ও রাজ্যের শাসক দল বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। জানিয়ে দিয়েছেন, আগামী দিনে রাজ্যে সরকার পাল্টালে ঠিক একই ধারায় ও আইনি যুক্তিতে বিজেপির একটি পার্টি অফিসও আর আস্ত রাখা হবে না।
এভাবে বুলডোজার চালিয়ে কার্যালয় ভাঙার বিষয়টিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক। তার অভিযোগ, ‘তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙা হচ্ছে বলে আজ যারা আনন্দে মেতে উঠেছেন এবং এটাকে অবৈধ বলছেন, তারা আদতে এর সপক্ষে কোনও প্রমাণই দেখাতে পারেননি। ঠিক কীসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছিল, তার একটি কপিও জেলা প্রশাসন আমাদের হাতে তুলে দিতে পারেনি।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও গুরুতর অভিযোগ, এই উচ্ছেদ অভিযানে শুধুমাত্র সরকারি আধিকারিকরাই উপস্থিত ছিলেন না, বরং বিজেপির একদল নেতা গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে ও উত্তরীয় পরে মুখ ঢেকে তাদের ওই পার্টি অফিসে ঢুকে ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছে। আর এ নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘আমাদের কাছে এই সমস্ত ঘটনার ভিডিও ও ডিজিটাল প্রমাণ রয়েছে। আমরা খুব দ্রুত এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছি। প্রয়োজনে আমরা দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।’ তার আরও মন্তব্য, ‘প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যে আইনে অত্যাচার হচ্ছে, একই আইনে একত্রিশে ফিরিয়ে দেব।’