শুক্রবার | ১৭ জুলাই ২০২৬

মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল পাঁচজনের

 মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল পাঁচজনের

মুর্শিদাবাদ, ১৭ জুলাই– এবার ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ-গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে শুক্রবার  ট্রেন চলে যাওয়ার পরে হঠাৎ করেই খুলে যায় রেলগেট। সেই সুযোগে লেভেল ক্রসিং পার হতে যায় একটি পুলকার। ঠিক তখনই উল্টো দিক থেকে চলে আসে আরেকটি ট্রেন। মুহূর্তের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। মৃত্যু হয় তিনজনের। পরে আরও দুজন হাসপাতালে মারা গেলেন। ঘটনায় গেটম্যানের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল।

            দুর্ঘটনায় আহতদের প্রথমে কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্কুলগাড়ির চালক সাহেব শেখ এবং পড়ুয়া আনিশা খাতুনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া বিশ্বেশ্বর মণ্ডল এবং শামিমা খাতুন কর্ণসুবর্ণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকেরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথম ট্রেন চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হলেও দ্বিতীয় ট্রেন আসার আগে তা আর নামানো হয়নি। সেই কারণেই স্কুলগাড়িটি কিছু বুঝে উঠতে না পেরে লাইনে উঠে পড়ে। রেলের দাবি, সিগন্যালে কোনও ত্রুটি ছিল না। তাই গেটম্যানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। 

            গোটা ঘটনায় চরম ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্পষ্ট ভাষায় বলেন, এই ঘটনায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী তার বার্তায় জানান, ঘটনার পরই রাজ্য পুলিশ দ্রুত পদক্ষেপ করে দায়িত্বে থাকা রেল গেটম্যানকে গ্রেফতার করেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই মন্ত্রী গৌরীশংকর ঘোষ হাসপাতালে পৌঁছে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন।

            দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। স্থানীয়দের সঙ্গে কথা বলার পর ঘটনাস্থল থেকেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করেন তিনি। ঘটনার ভয়াবহতার কথা তাকে জানান অধীর। একই সঙ্গে স্থানীয়দের ক্ষোভের কথাও রেলমন্ত্রীকে জানান তিনি। তার দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। মুর্শিদাবাদে স্কুল পড়ুয়াদের গাড়ির সঙ্গে ট্রেনের এই মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন , ‘মুর্শিদাবাদের এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। শোকার্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ এরপরেই বিজেপির ডবল ইঞ্জিন স্লোগানকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘বাংলার মানুষ এমন এক সরকার পাওয়ার অধিকার রয়েছে যা তাঁদের জীবন রক্ষা করবে। কেন্দ্রের বহু প্রচারিত ‘ডবল ইঞ্জিন সরকার’-এর এই ধারাবাহিক ব্যর্থতা আর মেনে নেওয়া যায় না। এই ডবল ইঞ্জিন সরকার আসলে ‘ডবল ইঞ্জিন বিপর্যয়’ ছাড়া আর কিছুই নয়।’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *