সই জাল কান্ডের মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আরও একমাস বাড়াল আদালত
কলকাতা, ১৭ জুলাই– সই জাল কান্ডের মামলায় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। এই মামলায় সিআইডি-র দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
বিরোধী দলনেতা নির্বাচনের সময়ে বিধায়কদের সই জাল করার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভার স্পিকারকে তৃণমূলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে বিধায়কদের স্বাক্ষরে কারচুপির অভিযোগ ওঠে। ওই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসাবে সই ছিল অভিষেকের। তাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পরে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-র হাতে। এ নিয়ে ইতিমধ্যে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
এই মামলায় শর্তসাপেক্ষে অভিষেককে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। চলতি মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। শুক্রবার মামলাটি ফের ওঠে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। তিনি রক্ষাকবচের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দিয়েছেন। বিধানসভার স্পিকারকে তৃণমূলের তরফে দেওয়া চিঠিতে কারচুপির অভিযোগ তুলেছিলেন দলেরই জয়ী দুই বিধায়ক— ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। পরে বিধানসভার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঋতব্রতের নেতৃত্বে জয়ী বিধায়কেরা স্পিকারকে পৃথক চিঠি দেন এবং তার ভিত্তিতে ঋতব্রতকেই বিরোধী দলনেতা ঘোষণা করা হয়। স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে পৃথক মামলা করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলাও এখন বিচারাধীন।