সোমবার | ১৩ জুলাই ২০২৬

আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালো ইরান, আমেরিকার বন্ধু দেশগুলিতে হামলা

 আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালো ইরান, আমেরিকার বন্ধু দেশগুলিতে হামলা

তেহরান, ১৩ জুলাই : হরমুজ প্রণালীর কাছে ভারতীয় নাবিকবাহী জাহাজের ওপর হামলার পরেই আমেরিকা-ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। অস্বস্তি বেড়েছে পশ্চিম এশিয়ায়। রবিবার গভীর রাত থেকে ইরানে হামলা চালাতে শুরু করেছে আমেরিকা। চলছে লাগাতার গোলাবর্ষণ। অভিযোগ, হরমুজ প্রণালী থেকে দূরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলিকেও নিশানা করা হচ্ছে। হাত গুটিয়ে বসে নেই ইরানও। তাদের নিশানায় এবার পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশগুলি।  হামলাও শুরু হয়েছে এমন একাধিক দেশে। বাহরিনে সোমবার ভোর থেকে সাইরেন বাজছে।

            মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, রাত আড়াইটে থেকে ইরানে নতুন করে হামলা শুরু হয়েছে। হরমুজ় প্রণালী দিয়ে অবাধে যাতায়াতকারী জাহাজগুলির উপর যাতে ইরান আর হামলা চালাতে না-পারে, সেই লক্ষ্যে তাদের দুর্বল করার জন্যই অভিযান চলছে। এর জবাবে ইরানের বিদেশ মন্ত্রক পাল্টা একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য আমেরিকা যে যে দেশের ভূখণ্ড ব্যবহার করবে, সেই সেই দেশকে ইরান নিশানা করবে। আত্মরক্ষামূলক হামলা চালানো হবে ওই সমস্ত দেশে। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জকেও এই বিষয়ে বার্তা দিয়েছে তেহরান।

            ইরানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘ইরানের বিরুদ্ধে হামলার জন্য কোনও দেশের ভূখণ্ড ব্যবহার করা হলে তাকে আগ্রাসনের উৎস হিসাবে গণ্য করা হবে। ইরানের আত্মরক্ষামূলক অভিযানের নিশানায় থাকবে সেই সমস্ত দেশ।’ আমেরিকার হামলার জবাবে ইতিমধ্যে কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে আক্রমণ করেছে ইরান। যে সমস্ত দেশে গত এপ্রিল কিংবা মে মাস থেকে হামলা বন্ধ ছিল, নতুন করে সেখানে সাইরেন বাজতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *