বিদ্যালয়ের পাঠ্যক্রমে এবার শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৬ জুলাই- আগামী শিক্ষাবর্ষ থেকে শ্যামাপ্রসাদের ভূমিকা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মিত্র ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এই স্কুলের উন্নতিতে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শ্যামাপ্রসাদকে সম্মান দিতে সবার আগে দেশকে রাখতে হবে, পড়ুয়াদের এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ‘নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট।’ সোমবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যজুড়ে দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এদিন শ্যামাপ্রসাদ-স্মরণে প্রথমে রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর সেখান থেকে চলে যান মুরলীধর সেন লেনে। জন্মদিনে ভারত কেশরীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশনে যান তিনি। শুভেন্দু জানান, ঘরে ঘরে পূজিত হবেন শ্যামাপ্রসাদ। এই সরকার তাঁর স্বপ্ন পূরণ করবে। শ্যামাপ্রসাদের বিচারধারায় সরকার চলবে। মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, বাম-তৃণমূল শ্যামাপ্রসাদকে ভোলাতে চেয়েছে।
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ১৯০৬ থেকে ১৯১৭ পর্যন্ত পড়াশোনা করেছেন শ্যামাপ্রসাদ। ১৯২৪-১৯৩৮ পর্যন্ত স্কুল পরিচালনাতেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। এদিন মিত্র ইনস্টিটিউশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে শ্যামাপ্রসাদের অবদান অন্তর্ভুক্ত করা হবে। পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্তিতে ভারত কেশরীর ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে হবে। তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদের অবদান মুদ্রিত -পঠিত-চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।’