বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬

ইউক্রেনে হানা রাশিয়ার, নিহত অন্তত ১৭

 ইউক্রেনে হানা রাশিয়ার, নিহত অন্তত ১৭

কিভ, ২ জুলাই : গোটা রাশিয়া জুড়ে চলছে জ্বালানির সঙ্কট। কিন্তু তার মধ্যেও দমছে না রাশিয়া। এবার ইউক্রেনের রাজধানী কিভ লক্ষ্য করে লাগাতার হানা দিল তারা। বুধবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিভকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। হামলায় কিভে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। পাল্টা রাশিয়ার একটি তৈল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনও। সেই আক্রমণেও একজনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

            ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বুধবার রাত থেকে অন্তত ৭৪ টি ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬ টি ড্রোন ছুঁড়েছে রাশিয়া। মস্কো যে কিভে হামলা করতে পারে, তা নিয়ে বুধবারই ইউক্রেনবাসীকে সাবধান করেছিলেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রশাসনের ওই সতর্কবার্তার পরে অনেকেই বাড়ি ছেড়ে মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নিয়েছিলেন। আগে থেকে এই পদক্ষেপ না নিলে নিহতের সংখ্যা আরও বাড়ত বলেও আশঙ্কা করা হয়েছে।

            ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, কিভের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০টি বাড়ি। কিভের সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, হামলায় কমপক্ষে ৫৪ জন জখম হয়েছেন। তালিকায় দুই শিশুও রয়েছে। পাল্টা রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের কস্তোভো শহরে একটি তৈল শোধনাগারে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। তাদের দাবি, শোধনাগারের একটি মূল ইউনিটে হামলা হয়েছে। তবে তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়টি স্পষ্ট নয়। নিজনি নভগোরোদের স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলায় এক জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও চার জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *