ভারতের নীতির ভূয়সী প্রশংসা পুতিনের, ঘুরিয়ে বার্তা আমেরিকাকে
মস্কো, ৬ জুন : ভারত এবং রাশিয়ার সম্পর্ক, বাণিজ্যিক লেনদেন নিয়ে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতের পাশে দাঁড়িয়ে সেই আমেরিকাকে পরোক্ষে বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সবসময় সার্বভৌম থেকেছে। এই ভারতকে বিধিনিষেধের হুমকি দিলে তা ‘বুমেরাং’ হয়ে যেতে পারে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম থেকে ‘বন্ধু’ ভারতের ভূয়সী প্রশংসা করে পুতিন বলেন, ‘ভারত সবসময় একটি সার্বভৌম দেশের মতো আচরণ করে। প্রধানমন্ত্রী মোদীর অধীনে যে কোনও বিধিনিষেধের সম্ভাব্য হুমকি সঙ্গে সঙ্গেই বুমেরাং হয়ে যাবে।’
ভারত আর রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে ভারত যে খনিজ তেল কেনে, তাতে আপত্তি জানিয়েছেন তিনি। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গ তুলে ভারতের উপর চড়া হারে শুল্কও আরোপ করেছিলেন। আর আমেরিকার এমন ধরনের আচরণকে রাশিয়া যে খুব ভালভাবে নিচ্ছে না তা পুতিনের মন্তব্যে স্পষ্ট হয়েছে। ভারতের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত একটি সার্বভৌম দেশ। যে সমস্ত পণ্য তারা নিজেদের জন্য সবচেয়ে উপযোগী এবং আধুনিক বলে মনে করে, সেটাই বেছে নেয়। এ ব্যাপারে তারা স্বাধীন। যে যা-ই বলুক, ভারত সবসময় এই নীতির ভিত্তিতেই কাজ করে এসেছে।’
রাশিয়ার কাছ থেকে সুখোই-৫৭ কিংবা এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে আমেরিকা কি নতুন কোনও বিধিনিষেধ আরোপ করবে নয়াদিল্লির উপর? এর উত্তরে ভারতের বিদেশনীতির প্রসঙ্গ তুলে পুতিন বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির উপর আদৌ নির্ভর করে না। অন্য সব বন্ধু দেশের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য।’